
বগুড়া, সিরাজগঞ্জ ও ফরিদপুরে বন্যার আরও অবনতি হয়েছে। নদীর পানি বাড়ায় বগুড়ার ধনুটে ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। যেকোনো মুহূর্তে এতে ধসের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। আর সিরাজগঞ্জের বাহুকায় ভেঙে পড়া বাঁধ গতকাল শনিবার বিকেল পর্যন্ত দুই দিনেও মেরামত করা সম্ভব হয়নি।
এদিকে কুড়িগ্রাম ও মৌলভীবাজারে এবং সিলেটের কোথাও কোথাও বন্যা অপরিবর্তিত রয়েছে। তবে উন্নতি হয়েছে গাইবান্ধা, জামালপুরে এবং সিলেটের কোনো কোনো স্থানে। এলাকাবাসী, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসনের বরাতে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
উজান থেকে নেমে আসা পানিতে বগুড়ার ধুনটে যমুনার পানি আরও বেড়েছে। পানির প্রবল চাপে ভূতবাড়ি গ্রামের কাছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছিদ্র হয়ে ঝরনার মতো পানি চুইয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ এ বাঁধেই আশ্রয় নিয়ে আছে বানভাসি শতাধিক পরিবার। আট বছর আগে ভান্ডারবাড়ি গ্রাম থেকে ঢেকুরিয়া গ্রাম পর্যন্ত তিন কিলোমিটার অংশে এ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। বছর বছর বন্যায় বাঁধের বিভিন্ন অংশে গর্ত সৃষ্টি হলেও ক্ষতিগ্রস্ত এই বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাঁশের পাইলিং করে বালুভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চলছে।
সিরাজগঞ্জে যমুনার পানি সামান্য কমলেও অভ্যন্তরীণ নদী করতোয়া, গুমানী, হুরাসাগর, ফুলজোড়, ইছামতীর পানি বাড়ছে। বাঁধ ভেঙে রতনকান্দি, ইতালি, বাহুকা, ভেওয়ামাড়া, বালুঘুঘরিসহ ২৩টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত বাহুকা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া স্থান মেরামত করা সম্ভব হয়নি। সেনাবাহিনীর সহযোগিতায় মেরামতকাজ চালিয়ে যাচ্ছে পাউবো। তবে বাঁধের বাইরে পানির উচ্চতা কম থাকায় পানি ভেতরে কম গতিতে প্রবেশ করছে। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বলেন, ‘আশা করছি আজকের (রোববারের) মধ্যে মেরামত করা সম্ভব হবে। পানির পরিমাণ কমতে শুরু করেছে।’
রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় আরও বেড়েছে। পানির তোড়ে ফরিদপুর সদর উপজেলার কাজেম মাতুব্বরেরডাঙ্গি, ব্যাপারীডাঙ্গি ও মণ্ডলডাঙ্গি এলাকায় দুটি কাঁচা সড়কের বিভিন্ন স্থান ধসে গেছে। নদীভাঙনের মুখে পড়েছে গোলডাঙ্গি মসজিদ। বালুভর্তি বস্তা ফেলে এটি রক্ষার চেষ্টা চালাচ্ছেন এলাকাবাসী। ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদের ভাঙনের মুখে রয়েছে ছোটকোলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্রের পানি এখনো বিপৎসীমার বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে রাজীবপুর বটতলা সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন।
জামালপুরের গতকাল বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে দুর্গম এলাকায় এখনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি। বিশুদ্ধ পানি, শিশু ও গোখাদ্যের অভাবসহ নানামুখী সংকটে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জের বিভিন্ন দুর্গত এলাকার দেড় লাখ মানুষ।
নীলফামারীতে তিস্তার পানি কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তের মধ্যে গতকাল কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে।
গাইবান্ধারও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ব্রহ্মপুত্রের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত দুই দিনে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের প্রায় ৩৫০ ঘরবাড়ি, ৭০ একর আবাদি জমি ও অসংখ্য গাছপালা বিলীন হয়েছে।
সিলেটে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে; কোথাও অপরিবর্তিত রয়েছে।
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।