বগুড়ায় বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর রহদহ বাঁধের ৫০০ মিটার অংশ প্রবল পানির তোড়ে ভেঙে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই ভাঙন শুরু হয়। এতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে রয়েছে এসব গ্রামের হাজারো মানুষ।
গতকাল দিবাগত রাত দুইটার দিকে বাঁধটি ভেঙে যায়। আজ শুক্রবার বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত পানিবন্দী মানুষ অসহায় অবস্থায় রয়েছে। কাছাকাছি কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছে তারা। স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তবে তারা পানীয় জলের সংকটে রয়েছে।
কুতুবপুর গ্রামের আফজাল হোসেনের ভাষ্য, তিনি ঘুমিয়েছিলেন। হঠাত্ বাড়িঘরে পানি ঢুকে যায়। ঘরে যা ছিল, সবই পানিতে ভেসে গেছে।
রহদহ গ্রামের আবদুল মজিদের ভাষ্য, পানির শব্দে তাঁর ঘুম ভাঙে। জেগে উঠে দেখেন সব ভেসে গেছে।
বগুড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বাঁধটি গত বছর নির্মাণ করা হয়। বাঁধের ৫০০ মিটার অংশ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পাউবোর সহকারী প্রকৌশলী নাজমুল হক বলেন, রাত দুইটার দিকে বাঁধ ভেঙে ৩০ থেকে ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। যমুনা নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঘটনাস্থলে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালউদ্দিন আহমেদ, বগুড়া ৬ আসনের সাংসদ আবদুল মান্নান ও বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস গিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে কোনো মেডিকেল টিম যায়নি।
আরও জানতে পড়ুন
বগুড়ায় বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত