বগুড়ায় বাণিজ্য মেলায় লটারি বন্ধ করে দিল প্রশাসন
টানা ২৭ দিন চলার পর বগুড়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আয়োজিত লটারির নামে জুয়ার আসর বন্ধ করে দিয়েছে প্রশাসন। শহরের শহীদ চান্দু স্টেডিয়াম-সংলগ্ন মাঠে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী বাণিজ্য মেলায় ‘স্বপ্ন ছোয়া’ নামে এই লটারিতে শিশুদের ব্যবহার করে ড্র কার্যক্রম চালানো হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে, গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায় গিয়ে লটারির টিকিট বিক্রি করা হতো। পুরস্কারের লোভে টিকিট কিনতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ হুমড়ি খেয়ে পড়ত। লটারিতে অসংখ্য মানুষ সর্বস্বান্ত হলেও এত দিন চুপ ছিল প্রশাসন।
এ নিয়ে ২১ মার্চ প্রথম আলোয় ‘ড্র কেবলটিভিতে সম্প্রচার লটারিতে ঝুঁকছে শিশুরাও’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সমালোচনার মুখে বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন মঙ্গলবার থেকে মেলায় লটারি বন্ধের নির্দেশ দেন।
প্রশাসনের ওই নির্দেশের পর মেলা পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট ‘স্বপ্ন ছোঁয়া’ লটারি বন্ধের ঘোষণা দেয়।
বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, বাণিজ্য মেলায় লটারি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে।