বগুড়ায় বার্ড ফ্লু আক্রান্ত মুরগি নিধন
বগুড়ার গাবতলী উপজেলায় বার্ড ফ্লুতে আক্রান্ত সাত শতাধিক মুরগি মেরে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পশুসম্পদ বিভাগের কর্মকর্তারা উপজেলার সোনারায় গ্রামের একটি খামারে গিয়ে মুরগিগুলো নিধন করেন। জেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনারায় গ্রামের হামিদুর রহমানের খামারে থাকা মুরগিতে কয়েক দিন ধরে বার্ড ফ্লুর লক্ষণ দেখা দেয়। খামারের মালিক বৃহস্পতিবার সকালে ব্যাপারটি বগুড়া জেলা পশুসম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের জানান। পশুসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ওই দিনই সরেজমিন পর্যবেক্ষণ এবং নমুনা সংগ্রহ করে বার্ড ফ্লুর লক্ষণ পান। পরে ওই খামারের কিছু মুরগি জয়পুরহাটে পশুসম্পদ বিভাগের গবেষণাগারে পাঠানো হয়। গবেষণাগারের বিশেষজ্ঞরা পরীক্ষা করে ওই মুরগিগুলোর মধ্যে বার্ড ফ্লু থাকার বিষয়টি নিশ্চিত করেন।সহকারী জেলা পশুসম্পদ কর্মকর্তা আবদুল লতিফ জানিয়েছেন, পশুসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই বৃহস্পতিবার রাতে ওই খামারের বার্ড ফ্লুতে আক্রান্ত সব মুরগি নিধন করা হয়েছে। এ সময় বগুড়া জেলা পশুসম্পদ কর্মকর্তা নূরুননবী, গাবতলীর ইউএনও মির্জা মোহাম্মাদ আলী রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা জানান, ওই খামারের বার্ড ফ্লু আক্রান্ত ৭০৫টি মুরগি মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।