তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর, হবিগঞ্জের বাহুবল ও মাদারীপুরের কালকিনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আজ সোমবার পৃথক এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

বগুড়া : শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস ও পণ্যবাহী একটি কার্গো ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই কলেজছাত্রীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। বেলা তিনটার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল-জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

নিহত ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার উলিপুর গ্রামের কলেজছাত্রী মিথিলা (২৪), শেরপুর সদর এলাকার মোছা. মাহি (২৩), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের সাজু (২৫) ও কার্গো ভ্যানের চালক নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরের বাসিন্দা সেলিম ভুঁইয়া (৪৫)। আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশুতোষ মিত্র নিহত চারজনের পরিচয় নিশ্চিত করে বলেন, মিথিলা সরকারি আজিজুল হক কলেজের ও মাহি সিরাজগঞ্জ সরকারি কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, বগুড়া থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি গোসাইবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার নয়মাইল-জামালপুর এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী সিফাত ট্রেডিং কার্গোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কার্গোর চালক সেলিম নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রী মিথিলা, মাহি ও সাজুর মৃত্যু হয়।


হবিগঞ্জ : বিকেল পৌনে পাঁচটার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাছবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মাছ ব্যবসায়ী নিহত হন। আহত হন তিনজন।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মুদাহরপুর গ্রামের তোফান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৮), মসনদ আলীর ছেলে হেকিম মিয়া (২২) ও আবদুল হামিদের ছেলে আবু রকিব (১৮)। আহত ব্যক্তিদের বাহুবল উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহাসড়ক পুলিশের (শায়েস্তাগঞ্জ থানা) ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


মাদারীপুর : সন্ধ্যায় কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়নের ঘোষেরহাট গ্রামে নছিমনের ধাক্কায় নেছারউদ্দিন তালুকদার (২৮) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত নেছারউদ্দিন একই উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম এলাকার আহম্মদ তালুকদারের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, নছিমনের ধাক্কায় নেছারউদ্দিনের মৃত্যু হয়েছে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার পর নছিমনচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।