বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জয়েন উদ্দিন (৪৪) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। তাঁর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ থানার চন্ডিয়ারঘাট গ্রামে। আজ সোমবার বিকেলে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের চালক লাভলু মিয়া (৪৫), চালকের সহকারী (হেলপার) রাজীবসহ (২৮) আরও পাঁচজন যাত্রী। আজ সোমবার বিকেল সোয়া চারটার দিকে নিহতের পরিচয় নিশ্চিত হয়ে আইনি প্রক্রিয়া শেষে থানা-পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

পুলিশ জানায়, শেরপুর উপজেলার রাজাপুর এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা আহত বাসচালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত অন্য বাসযাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান।

বাসচালকের সহকারী রাজীব জানান, ওই বাসে ১০ জন যাত্রী ছিলেন। নিম্নআয়ের এ সব মানুষ রাতে ঢাকায় যাচ্ছিলেন। মহাসড়কে বিপরীত দিক থেকে বগুড়াগামী ধানবোঝাই ট্রাকটি অপর একটি ট্রাককে ওভারটেক করতে গেলে বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে।

শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকার বলেন, ধানবোঝাই ট্রাকটি চালকবিহীন অবস্থায় স্থানীয় একটি পেট্রল পাম্পের ভেতর থেকে আটক করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।