বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলায় গতকাল সোমবার যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন বাসযাত্রী।
নিহত যাত্রীরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রোমেনা বেগম (২৮) এবং একই এলাকার আবদুর রাকিবের মেয়ে রেনাত আজমির (৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী বাসটি বেলা সাড়ে তিনটার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই রোমেনা মারা যান। হাসপাতালে নেওয়ার পর রেনাতের মৃত্যু হয়। এ ছাড়া এ সময় ইটবাহী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে।