বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার মহাস্থানগড় সেতুর আগে দীঘলকান্দি এলাকায় আজ মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ছবি: সোয়েল রানা, বগুড়া
বগুড়ার মহাস্থানগড় সেতুর আগে দীঘলকান্দি এলাকায় আজ মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ছবি: সোয়েল রানা, বগুড়া

বগুড়ার মহাস্থানগড় সেতুর আগে দীঘলকান্দি এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাস উল্টে গেলে বাসটির দুই যাত্রী নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে সাতজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজাহান আলীসহ ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গাইবান্ধা থেকে শাওন পরিবহনের একটি বাস অনেক যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ছাদেও যাত্রীরা ছিলেন। দীঘলকান্দি এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি একপাশে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারের ভাষ্য, পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। বেলা একটার দিকে বাসটি সড়কের একপাশে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

লাশ দুটি হাসপাতালের মর্গে রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. খোরশেদ আলম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।