বগুড়ায় বাসচাপায় দুই স্কুলছাত্রী নিহত
বগুড়া-নওগাঁ সড়কে বগুড়া সদরের এরুলিয়ায় গতকাল সোমবার দুপুরে একটি বাসের চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সদরের এরুলিয়া আইডিয়াল একাডেমি নামের একটি স্কুলের ছাত্রছাত্রীরা বেলা দুইটায় ছুটি শেষে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় এরুলিয়া বাজারের কাছে নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস ওই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ইয়াছমিন (৯) ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রিফাতকে (৮) চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্রী নিহত হয়।দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ মণ্ডল ঘটনাস্থলে গিয়ে লোকজনের প্রতি অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। কিন্তু স্থানীয় লোকজন দাবি করে, দুর্ঘটনার পরপরই বাসটি বগুড়া টার্মিনালে প্রবেশ করেছে এবং বাসসহ চালককে গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না। একপর্যায়ে পুলিশ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতা চালকসহ বাসকে আটকের আশ্বাস দিলে এক ঘণ্টা পর বেলা তিনটায় অবরোধ তুলে নেওয়া হয়।