বগুড়ায় বাসাভাড়া বাড়ছেই
বগুড়া শহরে বাসাভাড়া বেড়েই চলেছে। কোনো নিয়ন্ত্রণ না থাকায় বাড়ির মালিকেরা প্রতিবছর বাসাভাড়া বাড়াচ্ছেন ইচ্ছামতো। আগামী জানুয়ারি থেকে আরেক দফা ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন অনেক বাসা, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের মালিকেরা।বাসাভাড়া বেড়ে যাওয়ায় আবাসনব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। তাঁদের আয়ের সিংহভাগই ব্যয় হচ্ছে বাসাভাড়ার পেছনে। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে শহরের জলেশ্বরীতলা, রহমাননগর, সূত্রাপুর এবং সেউজগাড়ি এলাকায়। মাত্র চার বছরের ব্যবধানে এ এলাকাগুলোতে বাসাভাড়া দুই থেকে তিন গুণ বেড়েছে।বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) আবদুর রাজ্জাক বলেন, ‘বাসাভাড়া নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কোনো আইন তৈরি না হওয়ায় মালিকেরা সুযোগ বুঝে ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। তবে বাসাভাড়া নিয়ন্ত্রণে আইন তৈরির কথা ভাবছে সরকার।’জানা গেছে, ২০০১ সালে সরকার পরিকল্পিত শহরায়ণের উদ্যোগ নিলে ঢাকার নামীদামি হাউজিং কোম্পানি এবং ডেভেলপার প্রতিষ্ঠানগুলো বগুড়ায় বহুতল ভবন নির্মাণ শুরু করে। কয়েক বছরের ব্যবধানে শহরের জলেশ্বরীতলা, রহমাননগর, মালতিনগর, সূত্রাপুর, সেউজগাড়ি, খান্দার, জামিলনগর, জাহেদ মেটাল মোড়, কাটনারপাড়া কটন মিল এলাকায় শতাধিক বহুতল আবাসিক ভবন গড়ে ওঠে। এসব এলাকায় পুরোনো বাসা-বাড়ি ভেঙে পাল্লা দিয়ে বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতা শুরু হওয়ায় আবাসনসংকটে পড়েন মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা।২০০৫ সালেও শহরের আবাসিক এলাকাগুলোতে তিন-চার কক্ষবিশিষ্ট খুব ভালো মানের বাসার ভাড়া ছিল তিন থেকে সর্বোচ্চ চার হাজার টাকা। বর্তমানে একই বাসার ভাড়া আদায় করা হচ্ছে নয় থেকে ১২ হাজার টাকা। অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণের পর ওইসব ভবনের সঙ্গে পাল্লা দিয়ে সব ধরনের বাসার ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকেরা।শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে জলেশ্বরীতলা, রহমাননগর, মালতিনগর, সূত্রাপুর ও সেউজগাড়ি এলাকায় বসবাস করতে সবাই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এসব এলাকায় বাসার চাহিদা বেড়ে যাওয়ায় মালিকেরা প্রতি বছর ভাড়া বাড়াচ্ছেন।কলেজশিক্ষক নূরুল আমীন বলেন, ‘দুই-তিন বছর আগেও জলেশ্বরীতলা এলাকায় বাসাভাড়া ছিল নাগালের মধ্যে। এ এলাকায় বাসাভাড়া এতটা বেড়েছে যে, বেতনের সবটুকু দিয়েও ভাড়া মেটানো যায় না। আগামী জানুয়ারি থেকে আরেক দফা ভাড়া বাড়ানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে। বাধ্য হয়ে অন্যত্র বাসা ভাড়া নেওয়ার কথা ভাবছি।’জলেশ্বরীতলা এলাকার বাড়ির মালিক কামাল উদ্দিন বলেন, আবাসিক এলাকায় আধুনিক অ্যাপার্টমেন্ট গড়ে ওঠার পাশাপাশি শত শত কোচিং সেন্টার, বেসরকারি স্কুল-কলেজ, ক্লিনিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এ এলাকাগুলোকে বেছে নেওয়ায় চাপ বেড়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় মালিকেরাও ভাড়া বাড়াচ্ছেন।সেউজগাড়ি এলাকার বাসার মালিক ফজলুর রহমান তালুকদার বলেন, সবকিছুর দামই হু হু করে বাড়ছে। বাসার নির্মাণব্যয় ও রক্ষণাবেক্ষণ খরচও চার বছরে অনেক বেড়েছে। তাই বাসাভাড়া বৃদ্ধির অভিযোগ করলেই হবে না, ভাড়া বৃদ্ধির যৌক্তিকতাও বিবেচনায় নিতে হবে।বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, সব শহরেই এলাকাভেদে বাসাভাড়া কমবেশি হয়। বগুড়া শহরের নির্দিষ্ট কয়েকটি এলাকায় বাসাভাড়া অনেক বেড়েছে। এর কারণ ওইসব এলাকায় মানুষের চাপ বেড়েছে। চাপ বেড়ে যাওয়ার কারণে বাসাভাড়াও বাড়িয়ে দিচ্ছেন মালিকেরা। তবে ভাড়া নিয়ন্ত্রণে পৌরসভার কিছুই করার নেই।