বগুড়ায় বাসের অগ্রিম টিকিটের হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল বৃহস্পতিবার ঈদ-পরবর্তী ফিরতি পথের দূরপাল্লার বাসের আগাম টিকিট ছাড়া হয়েছে স্থানীয় বাস কাউন্টারগুলো থেকে। সকাল সাতটা থেকে টিকিট ছাড়া হলেও নিমেষেই তা ফুরিয়ে যায়।
আগাম টিকিটের জন্য ভোররাত থেকে শহরের সাতমাথায় দূরপাল্লার বাসের কাউন্টারে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন। এরপর লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পরও টিকিট মেলাতে পারেননি বেশির ভাগ যাত্রী। সকাল সাতটা থেকে আগাম টিকিট বিক্রি শুরু হলেও সকাল নয়টার মধ্যেই অধিকাংশ কাউন্টার থেকে ঘোষণা আসে, ১২ জুলাই পর্যন্ত টিকিট ফুরিয়েছে। কাঙ্ক্ষিত যাত্রাদিনের টিকিট না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন। এ কাউন্টার থেকে ও কাউন্টারে ধরনা দিয়েছেন কেউ কেউ। কেউ ১২ জুলাইয়ের পরের যাত্রাতারিখের টিকিট নিতে বাধ্য হয়েছেন।
অন্যবারের মতো এবারও যাত্রীদের অভিযোগ, নামকাওয়াস্তে আগাম টিকিট ছেড়ে সিংহ ভাগ টিকিটই কালোবাজারে বিক্রির জন্য রেখে দিয়েছেন কাউন্টারের ব্যবস্থাপকেরা। তা ছাড়া ঈদের সুযোগ নিয়ে আগাম টিকিটে ঢাকা পর্যন্ত ১০০ থেকে ১৫০ এবং সিলেট ও চট্টগ্রাম পর্যন্ত ৩০০ টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
সকাল আটটায় সরেজমিনে দেখা গেছে, শহরের সাতমাথায় বাস কাউন্টারগুলোতে সাতসকাল থেকেই আগাম টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন। ভোররাত থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন যাত্রীরা।
সকাল সাড়ে আটটার দিকে এসআর ট্রাভেলসের সাতমাথা কাউন্টারের সামনে তপ্ত রোদ উপেক্ষা করে বহু যাত্রী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। যাত্রী হাবিবুর রহমান তরফদার বলেন, ‘১০ জুলাইয়ের টিকিটের জন্য মধ্যরাতে এসে ১২৯ নম্বর সিরিয়ালে নাম উঠিয়ে গেছি। সকাল সাতটায় লাইনে এসে দাঁড়িয়েছি। কিন্তু এখন কাউন্টার থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, ১১ জুলাই পর্যন্ত টিকিট শেষ। এটা পুরোপুরি জুয়াচুরি। কালোবাজারে বিক্রির জন্যই যাত্রীদের কাছে আগাম টিকিট বিক্রি করা হচ্ছে না।’
কাঙ্ক্ষিত তারিখের টিকিট না পেয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল সাতমাথার শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, ডিপজল পরিবহন এবং স্টেশন সড়কের শাহ ফতেহ আলী পরিবহন ও একতা পরিবহনের কাউন্টারে আগাম টিকিট কিনতে আসা যাত্রীদের।
কাউন্টার ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাতটা থেকে অগ্রিম টিকিট ছাড়া হলেও অধিকাংশ কাউন্টারে এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ১২ জুলাই পর্যন্ত ঈদ-পরবর্তী টিকিট ফুরিয়ে যায়।
সকাল সাড়ে আটটার দিকে শ্যামলী পরিবহনের কাউন্টারে টিকিট কিনতে এসে ১০ জুলাইয়ের টিকিট না পেয়ে হতাশা ঝাড়লেন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌরভ আহমেদ। তিনি বলেন, ‘সাতসকাল থেকে কাউন্টারে কাউন্টারে ধরনা দিয়েও ১০ জুলাইয়ের টিকিট মেলাতে পারিনি।’
সৌরভের সহপাঠী উর্মিলা রায়হান বলেন, ‘১০ তারিখের টিকিট নিতে এসে পেলাম ১২ তারিখের টিকিট। এসি বাসের টিকিট সবই কালোবাজারে। নন-এসি বাসের ভাড়া ৩৫০ টাকা হলেও ৪৫০ টাকা নেওয়া হলো।’
এসআর ট্রাভেলসের কাউন্টার মাস্টার মো. আরেফিন বলেন, ‘প্রতিদিন বগুড়া থেকে ছেড়ে যাওয়া ১০টি কোচের আসনসংখ্যা ৪০০। সকালে অগ্রিম টিকিট ছাড়ার পর নিমেষেই ১২ জুলাই পর্যন্ত টিকিট ফুরিয়ে যায়। আর এসি বাসের টিকিট বিক্রি আপাতত বন্ধ রয়েছে।’
শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘এসি, নন-এসি সব বাসেরই অগ্রিম টিকিট দেওয়া হয়েছে। কিন্তু ১২ জুলাই পর্যন্ত টিকিট ফুরিয়ে গেছে।’ বাড়তি ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য সময় নন-এসি বাসে ৩৫০ এবং এসি বাসে ৫৫০ ও ৬৫০ টাকা ভাড়া আদায় করা হতো। কিন্তু ঈদে একমুখী ট্রিপের কারণে ফিরতি পথে যাত্রীশূন্য বাস নিয়ে আসতে হয়। গ্যাস খরচ ও স্টাফদের বেতনের টাকা গুনতে হয় পকেট থেকে। এ কারণে যাত্রীদের সুবিধার্থে নন-এসি বাসে ১০০ এবং এসি বাসে ১৫০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করতে হচ্ছে।’