বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১০ জন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বেতগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
নিহত ব্যক্তিরা হলেন বাসচালক দিনাজপুরের
নবাবগঞ্জ থানার তপনঘাট এলাকার শামীম হোসেন (৩৮), ট্রাকচালক টাঙ্গাইলের ঘাটাইল থানার জোড়বাড়িয়া গ্রামের ভোলা মিয়া (৪২), দিনাজপুর সদরের বালুডাঙ্গা গ্রামের নাজমুল সরকার (৩৮), রাজমিস্ত্রিপাড়ার পারভেজ (৩৫), আমবাগান গ্রামের দুলাল হোসেন (২৮), ফুলদহনবীপাড়ার শিক্ষক তারিকুল ইসলাম (৫০), একই জেলার বিরইল থানার দোয়াছি গ্রামের আবদুল হাকিম (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর চৌধুরীপাড়ার বেনজির রহমান (৩৫), ঠাকুরগাঁও সদর উপজেলার সালংন্দর এলাকার হাফিজুর রহমান (২৮) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাইতান গ্রামের আবদুর রাকিব (৩৫)। আহত ব্যক্তিদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, সামনে থাকা একটি মাইক্রোবাসকে পাশ কাটাতে গিয়ে ঢাকা থেকে দিনাজপুরগামী রেখা পরিবহনের ওই বাসটির সঙ্গে বিপরীতমুখী কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান প্রথম আলোকে বলেন, ‘বাস ও ট্রাকের চালকেরা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন বলেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
তবে দুর্ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন বাসযাত্রী অভিযোগ করেছেন, যাত্রার শুরু থেকেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক।