বগুড়ায় বিএনপি ও জামায়াতের হরতাল আজ
বগুড়ায় আজ বৃহস্পতিবার বিএনপি ও জামায়াতে ইসলামী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সরকারের নতুন করে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদ ও তাঁর বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে দলটি এবং আজিজুল হক কলেজ ছাত্রশিবির নেতা ও স্কুলশিক্ষক আবদুল বাকীর হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াত এ কর্মসূচির ডাক দিয়েছে।
গত সোমবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে আজকের এ হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। জেলা বিএনপির নেতারা জানান, হরতালে জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই মাঠে থাকা হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক কী রকম যাচ্ছে, এ মুহূর্তে বগুড়া বিএনপি তা ভাবছে না। জামায়াতকে বাদ দিয়ে আপাতত কোনো কর্মসূচি পালনের চিন্তাভাবনা নেই।’
এদিকে ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক সেক্রেটারি আবদুল বাকী হত্যার প্রতিবাদে বুধবার শহর জামায়াতের এক সমাবেশ থেকে আজকের হরতালের ডাক দেওয়া হয়। সমাবেশে বাকী হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগকে দায়ী করা হয়।
বাকী হত্যার প্রতিবাদে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা গতকাল দিনভর কর্মবিরতি পালন করেন। বাকী এই প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। ময়নাতদন্ত শেষে গতকাল তাঁর লাশ গ্রামের বাড়ি নিয়ে দাফন করা হয়।