উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিয়ে বগুড়ায় বিএনপির সঙ্গে ১৯-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতের চরম বিরোধ দেখা দিয়েছে। বিএনপি শেরপুর উপজেলায় প্রথমে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়েও প্রত্যাহার করায় এবং শাজাহানপুর উপজেলায় আলোচনা না করেই দলীয় প্রার্থীর নাম ঘোষণায় চরম ক্ষুব্ধ জামায়াত।
সর্বশেষ প্রার্থী ঘোষণা নিয়ে জেলা বিএনপি গতকাল শুক্রবার বিকেলে জরুরি বৈঠক করে। বৈঠকে নন্দীগ্রাম উপজেলায় জামায়াতের প্রার্থীকে দেওয়া সমর্থন প্রত্যাহার করে দলীয় ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি তহিদুর রহমান খানকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুপচাঁচিয়া উপজেলা বাদে জেলার নয়টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নেতারা। ছয়টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত নেতারা। আদমদিঘী, সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াতের কেউ লড়ছেন না। বর্তমানে দুই দলই নিজেদের প্রার্থীকে ১৯-দলীয় জোটের প্রার্থী হিসেবে দাবি করছে।
জানতে চাইলে বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হুসাইন বলেন, ৩ ফেব্রুয়ারি ১৯-দলীয় জোটের বৈঠকে ১২ উপজেলার মধ্যে নয়টিতে প্রার্থী চূড়ান্ত হয়। এর মধ্যে পাঁচটিতে বিএনপি ও চারটিতে জামায়াতের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। শাজাহানপুর উপজেলায় পরে জোটের প্রার্থী ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয়েছিল।
কিন্তু এক সপ্তাহের মাথায় জোটের সঙ্গে আলোচনা না করেই শেরপুর উপজেলায় বিএনপির ‘বিদ্রোহী প্রার্থীকে’ সমর্থন ও শাজাহানপুরে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এ কারণে জেলা জামায়াতের বৈঠক থেকে শেরপুর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় আলাদাভাবে এবং কাহালু, নন্দীগ্রাম ও দুপচাঁচিয়ায় জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, জোটের ওই সিদ্ধান্তে বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এ কারণে নন্দীগ্রামে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তহিদুর রহমান খান চৌধুরী ও দলের সমর্থক শ্রাবণী আখতার, কাহালুতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফরিদুর রহমান এবং শেরপুরে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবার রহমান ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রচারণা অব্যাহত রাখেন। এ নিয়ে জামায়াতে অসন্তোষ দেখা দেয়।
এমন অসন্তোষের মধ্যেই ১০ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাংগঠনিক সফরে বগুড়ায় এসে বৈঠক করেন। বৈঠকে শেরপুরে জামায়াতের প্রার্থীর পরিবর্তে মাহবুবার রহমানকে ও শাজাহানপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদলকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।
ওই ঘোষণার পর ১২ ফেব্রুয়ারি জেলা জামায়াতের বৈঠকে চরম ক্ষোভ প্রকাশ করেন নেতারা। তাঁরা শেরপুর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীদের সমর্থন না দিয়ে দবিবুর রহমান, ইয়াছিন আলী ও আলমগীর হুসাইনকে জিতিয়ে আনার সিদ্ধান্ত নেন। ওই বৈঠকের পর থেকেই নির্বাচনী মাঠে কার্যত আলাদা বিএনপি ও তাদের ঘনিষ্ঠ সহযোগী জামায়াত।
গত বুধবার শাজাহানপুর উপজেলায় ১৯-দলীয় জোটের কর্মী সমাবেশে জোটের শরিক ইসলামী ঐক্য জোটের জেলা সাধারণ সম্পাদক সামছুল হক উপস্থিত থাকলেও তাতে জামায়াতের কাউকে দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, শেরপুরে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। শাজাহানপুরে জামায়াতের প্রার্থী ইয়াছিন আলীর বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার একাধিক মামলা বিচারাধীন। এসব মামলা থেকে রেহাই পেতে তিনি ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জমি ঘুষ দিয়ে ব্যাপক সমালোচিত হন। এমন বিতর্কিত নেতাদের বদলে বিএনপির নেতাদেরই জোটের প্রার্থী ঘোষণা করা উচিত বলে মনে করেন তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা।
শেরপুরের চেয়ারম্যান প্রার্থী জামায়াতের দবিবুর রহমান বলেন, ‘১৯-দলীয় জোটের বৈঠকের পর সংবাদ সমেঞ্চলন থেকে আমাকেই প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরে বিএনপির দলীয় কোনো সভা থেকে অন্য কাউকে প্রার্থী ঘোষণা করা হলে সেটা তাদের বিষয়, ১৯ দলের নয়। জোটের প্রার্থী হিসেবে আমি ভোটগ্রহণ পর্যন্ত মাঠে থাকব।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতারা এসে তৃণমূলের মতামতের ভিত্তিতে শেরপুর উপজেলায় জামায়াতের প্রার্থীর বদলে দলীয় প্রার্থীকে সমর্থন ও শাজাহানপুরে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এ নিয়ে জামায়াত ক্ষুব্ধ হলেও তাদের বাস্তব অবস্থা বোঝানোর চেষ্টা চলছে।’