বগুড়ায় বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের মালতিনগর এলাকায় যুবলীগের কর্মী রোকনুজ্জামান ওরফে গালকাটা রিপনকে হত্যার অভিযোগে বিএনপির এক নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোকনুজ্জামানের মা রোমেনা বেওয়া গত শনিবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন।মামলার আসামিরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপার আল-বখতিয়ার, তাঁর ছোট ভাই শান্ত, মালতিনগরের বাসিন্দা শিমুল, তাঁর ভাই প্রবাল, বাদল ও শৈবাল, দিলদার, বাপ্পী, আমিনুল পাগলা, কবির ও কাইলা সোহেল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম খালেকুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।গত শনিবার সন্ধ্যায় মালতিনগর বকশিবাজার এলাকায় সন্ত্রাসীদের গুলি ও এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে খুন হন রোকনুজ্জামান। ঘটনার পর মালতিনগরে থমথমে অবস্থা বিরাজ করছে। আবার কোনো পাল্টা হামলা হয় কি না এ নিয়ে শঙ্কিত ছিল লোকজন। দু-একটি ওষুধের দোকান ছাড়া মালতিনগর ও বকশিবাজার এলাকার সব দোকান গতকাল বন্ধ ছিল। গতকাল রোববার মালতিনগর এলাকায় গিয়ে বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোকনুজ্জামানের সঙ্গে পৌর কাউন্সিলর শিপার আল-বখতিয়ারের বিরোধ দীর্ঘদিনের। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির নেতা শিপার আল-বখতিয়ারের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়।