বগুড়ায় বিএনপিকে টপকাল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দফা নির্বাচনে বিএনপির ‘দুর্গ’ বগুড়ায় বিএনপিকে টপকে গেছে জামায়াত। আর আওয়ামী লীগ একেবারেই শূন্য। বিএনপি ও আওয়ামী লীগের দলীয় কোন্দল, সিদ্ধান্তহীনতা, প্রার্থী বাছাইয়ে প্রভাবশালী নেতাদের স্বেচ্ছাচারিতার কারণেই এমন ফলাফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বগুড়ার ১২টির মধ্যে ছয়টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয় গত বুধবার। এর মধ্যে শেরপুর, নন্দীগ্রাম, ধুনট ও সারিয়াকান্দিতে এর আগে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা ছিলেন। সোনাতলায় বিএনপি ও দুপচাঁচিয়ায় জামায়াত-সমর্থিতরা ছিলেন। এবারে আওয়ামী লীগ-সমর্থিতরা একটিতেও জিততে পারেননি। জামায়াত-সমর্থিতরা দুপচাঁচিয়া ধরে রাখার পাশাপাশি নন্দীগ্রাম ও শেরপুরে জয়ী হয়েছেন। বিএনপি সোনাতলা ধরে রাখার পাশাপাশি সারিয়াকান্দিতে জিতেছে। আর ধুনটে ‘বিদ্রোহী’ হিসেবে দাঁড়ানো একজন বিএনপি নেতা নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী হিসেবে দাঁড়ানোর ফলে তাঁকে বহিষ্কারও করা হয়।
জেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, জেলা নেতাদের স্বেচ্ছাচারিতার ফল এই নির্বাচনে ভোগ করেছে আওয়ামী লীগ। বিভিন্ন এলাকার জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে নিজের পছন্দমতো লোককে প্রার্থী করা হয়েছে। পুরোনো অনেক নেতাকে বহিষ্কারও করার অভিযোগ রয়েছে। আর বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দীনকে এসব সিদ্ধান্তের জন্য দায়ী করছেন মাঠ পর্যায়ের নেতারা।
তবে মমতাজউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আরও ছয়টি উপজেলায় নির্বাচন বাকি আছে। এখনো পুরো চিত্র সামনে আসেনি। তাছাড়া বগুড়া বিএনপি-জামায়াতের এলাকা।’ মাঠ নেতাদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘কে কী বলল তা নিয়ে আমাদের মাথাব্যথা নাই। আপনাদের আছে বলেই জানি।’
মাঠের হিসাব: গতবার নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েও বিজয়ী হয়েছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ। এবার রেজাউলের জায়গায় আনিছুর রহমানকে সমর্থন দেয় জেলা আওয়ামী লীগ। দুই বছর আগে জাসদ থেকে দলে যোগ দিয়েই মমতাজউদ্দীনের কল্যাণে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় রেজাউল আশরাফ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলীকে বহিষ্কার করা হয়।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বলেন, নন্দীগ্রামে আওয়ামী লীগকে ত্যাগী নেতাশূন্য করতে যা যা করা দরকার তার সবই করেছেন মমতাজউদ্দীন। রেজাউল আশরাফ বলেন, ‘আমার এক ভাই জামায়াত-শিবিরের হাতে খুন হয়েছেন। গত বছরের মার্চে সহিংসতায় আমার বাড়ি গানপাউডার ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও আমি মমতাজ সাহেবের হাত-পা ধরে অনুরোধ করেছি জামায়াত ঠেকাতে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। কিন্তু তাঁর মন গলেনি।’
এদিকে জেলা বিএনপির নেতারা বলছেন, মাঠ পর্যায়ের মতামতকে উপেক্ষা করে জেলা নেতারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ৩ ফেব্রুয়ারি ১৯ দলের বৈঠকের পরে নন্দীগ্রাম, শেরপুর ও দুপচাঁচিয়ায় জামায়াতের প্রার্থীকে সমর্থন দেওয়া হয়। এই ভুল সিদ্ধান্তই শেষ পর্যন্ত জামায়াতের পক্ষে গেছে। পরে সিদ্ধান্ত পরিবর্তন করেও কাজ হয়নি।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হলেও আগের সমর্থনকে কাজে লাগিয়ে জামায়াত ভোটার ও বিএনপির নেতা-কর্মীদের বিভ্রান্ত করে নিজেদের ১৯-দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে।