বগুড়ায় বিএনপিতে দ্বন্দ্ব সুযোগ খুঁজছে জামায়াত
বিএনপির দুর্গ হিসেবে পরিচিত শাহজাহানপুর, কাহালু, শিবগঞ্জ ও আদমদীঘি—বগুড়ার এই চারটি উপজেলার তিনটিতেই চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী আলাদা প্রার্থী দিয়েছে। তিন উপজেলাতেই বিএনপির একাংশ জামায়াতের পক্ষে মাঠে নেমেছে। মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব ও কোন্দলের কারণে সেই অংশটি বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর সুযোগ নিচ্ছে জামায়াত।
আদমদীঘি উপজেলায় জামায়াত কোনো প্রার্থী দেয়নি। বাকি তিন উপজেলায় জামায়াতের তিন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে দুজনের বিরুদ্ধেই সহিংসতা ও নাশকতার মামলা রয়েছে। আর আওয়ামী লীগের এক প্রার্থীর বিরুদ্ধে রয়েছে যুবলীগ নেতাকে হত্যা মামলা। বাকি তিনজনের বিরুদ্ধেও টেন্ডারবাজি, সন্ত্রাসসহ নানা অভিযোগ রয়েছে।
জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিএনপির একাংশের সমর্থন প্রসঙ্গে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবু নসর মোহাম্মদ আলমগীর হুসেইন প্রথম আলোকে বলেন, ‘শুধু বিএনপি কেন, আওয়ামী লীগের প্রার্থীরাও আমাদের পক্ষে কাজ করছে। তবে রাজনৈতিক কারণে এসব নেতার নাম বলা যাবে না।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘দলের মধ্যে কিছু সুযোগসন্ধানী জামায়াতের পক্ষে কাজ করলেও করতে পারে। তবে যাঁরা সত্যিকার অর্থে শহীদ জিয়ার অনুসারী, তাঁরা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন।’
জামায়াতের প্রার্থীদের মধ্যে শাহজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. ইয়াছিন আলীর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার ঘটনায় দুটি মামলা রয়েছে। এই মামলা দুটি থেকে রক্ষা পেতে তিনি শাহজাহানপুর থানার ওসি মাহমুদুল আলমকে জমি ঘুষ দিয়ে ব্যাপক সমালোচিত।
বগুড়া-৭ (শাহজাহানপুর-গাবতলী) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচন করে একাধিকবার নির্বাচিত হয়েছেন। শাহজাহানপুরে জয়লাভ করা বিএনপির জন্য আত্মসম্মানের বিষয় হিসেবে দেখছেন দলটির নেতারা। তবে মনোনয়নবঞ্চিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও তাঁর অনুসারীরা বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সরকার বাদলের পক্ষে কাজ না করে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।
শিবগঞ্জে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবু নসর মোহাম্মদ আলমগীর হুসাইনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বগুড়াজুড়ে যে সহিংসতা চালানো হয়, তার নেতৃত্বে আবু নসর ছিলেন বলে অভিযোগ রয়েছে। এই উপজেলায় মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম গোপনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে জানা গেছে। এখানে শুরুতে শাহে আলমকেই বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। পরে জামায়াত আলাদা প্রার্থী ঘোষণা করলে শিবগঞ্জ পোরসভার মেয়র মতিয়ার রহমানকে বিএনপি থেকে প্রার্থী ঘোষণা করা হয়।
তবে বিএনপির নেতা মীর শাহে আলম বলেন, তিনি বিএনপির প্রার্থীর পক্ষেই কাজ করছেন। কিছু নেতা-কর্মী দলীয় প্রার্থীর ওপর ক্ষুব্ধ হয়ে জামায়াতের হয়ে কাজ করতে পারেন।
কাহালু উপজেলায় শুরুতে প্রার্থিতা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে সমঝোতা হয়। সেখানে জামায়াত-সমর্থিত প্রার্থী মো. তায়েব আলীকে সমর্থন দেয় বিএনপি। তবে পরে সমঝোতা ভেঙে গেলে বিএনপি থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফরিদুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়। ফরিদুর বিএনপির সংস্কারপন্থী হিসেবে পরিচিত জিয়াউল হক মোল্লার অনুসারী। তাই দলটির মধ্যসারির নেতাদের বড় অংশ জামায়াতের পক্ষে মাঠে নেমেছে।
এদিকে চারটি উপজেলাতেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের চারজনই জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। তাঁদের মধ্যে শাহজাহানপুরের এ কে আছাদুর রহমানের বিরুদ্ধে যুবলীগ নেতা মজনু মিঞা হত্যা মামলা রয়েছে।
আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনে দাঁড়ানো অন্য প্রার্থীরা হলেন—শিবগঞ্জে আজিজুল হক ও আদমদীঘিতে সিরাজুল ইসলাম খান। তাঁদের দুজনের বিরুদ্ধেই টেন্ডারবাজি, সন্ত্রাসীদের মদদ দেওয়া ও জমি দখলের অভিযোগ রয়েছে।