বগুড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
বগুড়ার শাজাহানপুর উপজেলা সদরে গতকাল রোববার দুপুরে মাঝিড়া সদর ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ছয়জন আহত হয়েছে।শাজাহানপুর উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার মাঝিড়া সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান ও সম্পাদক জাহেরুল ইসলামের মধ্যে বিরোধ থাকায় সম্মেলন হয়নি। এ কারণে গতকাল দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার নেতা-কর্মীদের নিয়ে আলোচনায় বসেন। সেখানে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সভাপতি ও সম্পাদকের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে জাহেরুল ইসলামের সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে উপস্থিত নেতারা তাদের বাইরে যেতে বলেন। এর কিছুক্ষণ পর বিএনপির কার্যালয়ের বাইরে মাঝিড়া বন্দরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায় উভয় পক্ষের নেতা-কর্মীরা লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা করেন। খবর পেয়ে শাজাহানপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত জাহেরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, জাহিদুল ও শাহীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, নিজেদের মধ্যে মারামারি করাকালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষই অভিযোগ দেয়নি।