বগুড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলীতে হরতালের সমর্থনে মিছিল করাকে কেন্দ্র করে বিএনপি-সমর্থিত পৌর মেয়র মোরশেদ মিলটন এবং উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় মেয়রের পক্ষের লোকজনের ছুরির আঘাতে প্রতিপক্ষের শাহজাহান আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হন।

আজ রোববার হরতাল চলাকালে বেলা আনুমানিক একটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার জন্য একপক্ষ অন্যপক্ষকে দায়ী করছে।
হরতাল চলাকালে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলামের পক্ষের এক নেতা অন্যপক্ষের লোকজনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছেন। তবে পৌর মেয়র মোরশেদ মিলটনের সমর্থকদের হামলায় প্রতিপক্ষের শাহজাহান আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে একজন মারা যাওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।
উপজেলা চেয়ারম্যান দাবি করেন, নিহত শাহজাহান উপজেলার নেপালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের তিনমাথা মোড় থেকে হরতালের সমর্থনে দুপুরের দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোরশেদ মিলটনের পক্ষের কর্মী-সমর্থকেরা মিছিল বের করেন। এ সময় উপজেলা সদরের স্টেশন সড়কের তিনমাথা মোড়ের একটি বিপণি কেন্দ্রের সামনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলামের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা পৃথক মিছিলের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু আগের মিছিলটি সেখানে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উপজেলা চেয়ারম্যান-সমর্থিত নেতা সাজেদুর রহমান ওরফে ‘পিস্তল মোহন’ প্রতিপক্ষকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। মিলটন-সমর্থিতরাও পাল্টা হামলা চালায় প্রতিপক্ষের ওপর। বেশ কিছুক্ষণ ধরে চলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন শাহজাহান আলী। তাঁকে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে সাজেদুর দাবি করেছেন, তাঁর লাইসেন্স করা পিস্তল আছে। কিন্তু সংঘর্ষের সময় তাঁর কাছে পিস্তল ছিল না।
গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) লুত্ফর রহমান জানান, দুপক্ষের সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।