বগুড়ায় বিএনপির হরতাল ৪৮ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাংসদ দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ কেন্দ্রীয় নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে দলটি ৩৬ ঘণ্টা হরতাল ডাকলেও বগুড়ায় ৪৮ ঘণ্টা হরতাল ডাকা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে বগুড়ায় হরতাল চলছে।গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে সন্ধ্যা ছয়টা থেকে অতিরিক্ত ১২ ঘণ্টার হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিবের বাড়ি উত্তরবঙ্গে। আবার জিয়া পরিবারের আসন গাবতলী-শাজাহানপুর এলাকার সাংসদ মওদুদ আহমদ। সরকার পতনের আন্দোলন দমাতে ওই দুই নেতাসহ কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর মাধ্যমে সরকারের জুলুম-নির্যাতনের এমন ন্যক্কারজনক ঘটনায় বগুড়াবাসী হাত গুটিয়ে বসে থাকতে পারে না। এ জন্য গতকাল সন্ধ্যা ছয়টা থেকেই বগুড়া জেলাজুড়ে ১২ ঘণ্টার অতিরিক্ত হরতালের ডাক দেওয়া হয়েছে।