খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সময় বগুড়ার ধুনট উপজেলায় তিনজনকে ৭০ বস্তা চালসহ আটক করেছে পুলিশ। আর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এ কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন উপজেলা জাতীয় পাটির নেতা-কর্মীরা।
ধুনট (বগুড়া) প্রতিনিধি জানিয়েছেন, আজ বেলা দুইটার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামে মাসুম শাহের গুদাম থেকে চালসহ তিনজনকে আটক করা হয়। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ধুনটের ১০টি ইউনিয়নে ১০ টাকা কেজির চালের কর্মসূচিতে ১১ হাজার ৯২১টি কার্ডধারীদের কাছে বিক্রির জন্য ২০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে এলাঙ্গী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জন্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়ালকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার সকালে কার্ডধারী ব্যক্তিদের মধ্যে চাল বিক্রি করছিলেন। এ অবস্থায় এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আওয়ামী লীগ কর্মী আবদুল হামিদ এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম, সদস্য মাসুম শাহসহ কয়েকজন কার্ডধারীদের হুমকি দিয়ে কার্ডগুলো হাতিয়ে নেন। কার্ডধারীদের মধ্যে বিলচাপড়ি গ্রামের এনামুল, সাইফুল, আরিফুল ইসলামসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাসুম শাহসহ কয়েকজন তাঁদের হাতে ২৫০ টাকা দিয়ে কার্ডগুলো জোর করে কেড়ে নেন। পরে তাঁরা এসব কার্ড দিয়ে ডিলারের কাছে থেকে চাল কৌশলে তুলে মাসুম শাহের গুদামে রাখে। পুলিশ খবর পেয়ে মাসুম শাহের গুদাম থেকে বিক্রির সময় ৫০ কেজি ওজনের ৭০ বস্তা চাল আটক করে। এ সময় মাসুম শাহ (৩০), নয়া মিয়া (৪৫) ও রবিনকে (২০) আটক করা হয়।
মাসুম শাহ বলেন, আবদুল হামিদ, আবদুল আলিম, খলিলুর রহমান ও আবদুল মজিদের কাছে ঘর ভাড়া দেওয়া হয়েছে। আমি তাঁদের সঙ্গে কার্ডধারীদের কাছ থেকে এই চালগুলো কিনে গুদামে রেখেছি।
ব্যবসায়ী আবদুল হামিদ চাল কেনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
ধুনট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাফিউল ইসলাম বলেন, ১০ টাকা কেজি দরের চাল খোলাবাজারে কেনাবেচার কোনো বৈধতা নেই। ৭০ বস্তা চালসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটানো অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নীলফামারী প্রতিনিধি জানান, কিশোরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন উপজেলা জাতীয় পাটির নেতা-কর্মীরা। বিক্ষুব্ধ ব্যক্তিরা এ সময় স্থানীয় সাংসদ বিরোধীদলীয় হুইপ জাপা নেতা মো. শওকত চৌধুরীর বিরুদ্ধে নানা স্লোগান দেন।
আজ বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ঝাড়ু মিছিলটি বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তাঁরা কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
বক্তারা বলেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মো. শওকত চৌধুরী ১০ টাকা কেজি দরের চাল বিতরণে দলীয় নেতা-কর্মীদের বঞ্চিত করে সাংসদের স্থানীয় প্রতিনিধি রেজাউল ইসলাম ফিলিপের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জামায়াত-বিএনপির লোকজনকে ডিলার নিয়োগের পাঁয়তারা করছেন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন না।
অভিযোগের সত্যতা অস্বীকার সাংসদ মো. শওকত চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘শুনেছি নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল করেছেন। তাঁরা কেন করছেন জানি না।’ তিনি বলেন, ‘ডিলার নিয়োগে ১৬০টি দরখাস্ত পড়েছে। নেওয়া হবে ২৭ জনকে। ইউএনওর সভাপতিত্বে একটি কমিটি আছে, ওই কমিটি ডিলার নিয়োগ দেবে। ডিলার নিয়োগ-প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য আমি তাদের লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করার পরামর্শ দিয়েছি।’