বগুড়ায় বিক্ষোভ, জিয়াউল হকের কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার বিএনপির সাবেক সাংসদ ডা. জিয়াউল হক মোল্লার বিরুদ্ধে কাহালু ও নন্দীগ্রাম বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভ শেষে গতকাল রোববার তাঁরা জিয়াউলের কুশপুত্তলিকা দাহ করেছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে ওই সাবেক সাংসদের মন্তব্য করার খবর প্রকাশ হওয়ায় তাঁরা এই বিক্ষোভ করেন। উইকিলিকসের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খালেদা জািয়াকে গ্রেপ্তার করার পরামর্শ দেওয়ার খবর প্রকাশ করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় জিয়াউল হক মোল্লা মার্কিন কূটনীতিকের কাছে বলেন খালেদা জিয়াকে গ্রেপ্তারের কথা। তবে জিয়াউল হক মোল্লা বলেন, ‘খবরটি দেখে আমি বিস্মিত ও হতবাক হয়েছি। এই বার্তাটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমি দলের কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলাম না। আমার মতো মধ্যম সারির এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ নেতা কখনোই মার্কিন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ তো দূরের কথা, ফোনালাপও হয়নি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ। তাঁর কারণেই আমি গত পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছি।’ নন্দীগ্রাম উপজেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে গত শনিবার বেলা একটায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে জিয়াউল হক মোল্লার কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে এর প্রতিবাদে উপজেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মাদ রোজাউল করিমের সভাপতিত্বে বক্তৃতা করেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক আলেকজান্ডার, যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহাব, আবদুল হালিম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, মিলন মেহেদী মৃদুল, এনামুল হক প্রমুখ। একই ঘটনার প্রতিবাদে বুড়ইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদুল বারীর সভাপতিত্বে ধুন্দার হাইস্কুল মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এক প্রতিবাদ সভা হয়। এদিকে খালেদা জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে মার্কিন দূতাবাসে তদবির করার অভিযোগে গতকাল রোববার কাহালু উপজেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ হয়। কাহালু রেলওয়ে বটতলায় ওই সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য দেন। পরে সাবেক সাংসদের কুশপুত্তলিকা দাহ করা হয়।