বগুড়ায় বিচারকের ১৪টি পদ দীর্ঘদিন শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদালতে দীর্ঘদিন ধরে বিচারকের ১৪টি পদ শূন্য থাকায় মামলাজটের পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তি ও হয়রানি বাড়ছে। বিচারক-সংকটের কারণে বর্তমানে জেলা জজ, বিচারিক হাকিম ও আমলি আদালত মিলে মোট ৩৫টি আদালতে বিচারকাজ পরিচালনার জন্য আছেন ২১ জন বিচারক।এর মধ্যে বিচারিক হাকিম ও আমলি আদালতের বিচারকদের নিয়মিত বিচারকাজের পাশাপাশি পরিবেশ আদালত, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নানা কাজে ব্যস্ত থাকতে হচ্ছে।জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম জানান, বগুড়ার আদালতে বছরের পর বছর ধরে বিচারক-স্বল্পতার কারণে বেড়েই চলেছে মামলাজট। মামলাজট বেড়ে যাওয়ায় বিচারকাজ বিলম্বিত হওয়ার পাশাপাশি দিনের পর দিন বিচারপ্রার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। চাপ বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ে মামলার শুনানি ও রায় হচ্ছে না। ফলে অনেক আসামিকে বিনা দোষে বছরের পর বছর ধরে কারাগারে থাকতে হচ্ছে।বগুড়ার বিচারিক হাকিম আদালত সূত্রে জানা গেছে, এই আদালতে মুখ্য বিচারিক হাকিম, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এবং জেলার ১২টি উপজেলার ১২টি আমলি আদালতে মিলে মোট বিচারিক হাকিমের পদ ১৪টি। এর মধ্যে মুখ্য বিচারিক হাকিম পদে একজন, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম পদে একজন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম পদে তিনজন এবং বিচারিক হাকিম পদে দুজন বিচারক কর্মরত। বিচারিক হাকিম আদালতে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে বিচারকের সাতটি পদ। জেলা জজ আদালত সূত্র জানায়, এই আদালতে জেলা জজ, তিনজন অতিরিক্ত জেলা জজ, দুজন যুগ্ম জেলা জজ, অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ পদ মর্যাদার একজন বিচারক এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একজন, ছয়জন জ্যেষ্ঠ সহকারী জজ এবং সাতজন সহকারী জজসহ বিচারকের ২১টি পদ রয়েছে। এর মধ্যে প্রায় দুই বছর ধরে দুজন অতিরিক্ত জেলা জজ এবং পাঁচজন সহকারী জজের পদ শূন্য রয়েছে। বর্তমানে দুপচাঁচিয়া, সারিয়াকান্দি, ধুনট ও কাহালু উপজেলা সহকারী জজ আদালতে বিচারক নেই। অন্য আদালতের বিচারকেরা এসব আদালতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ ছাড়া একজন অতিরিক্ত জেলা জজকে তিনজন অতিরিক্ত জেলা জজের দায়িত্ব পালন করতে হচ্ছে। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান জানান, বিচারক-সংকটের কারণে দিনের পর দিন আদালতে মামলা ঝুলে থাকছে। অনেক হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ করতে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। এতে বিচার প্রার্থী এবং অভিযুক্ত উভয় পক্ষকেই ভোগান্তির শিকার হতে হচ্ছে।