নির্বাচনী বিধিমালা অনুযায়ী ইউপি নির্বাচনে রাজনৈতিক দল থেকে প্রার্থী দেওয়ার কোনো বিধান নেই। কিন্তু বগুড়ার বিভিন্ন উপজেলার ইউনিয়নগুলোতে বিএনপি থেকে প্রার্থী দেওয়ার চেষ্টা চলছে। এরই মধ্যে কোথাও কোথাও দলীয় প্রার্থী দেওয়ার কাজ শেষ। এ নিয়ে দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। ঘটছে মারামারির মতো ঘটনা, দেখা দিয়েছে উত্তেজনা। প্রার্থী ঘোষণা নিয়ে ইতিমধ্যে গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নে বিএনপির দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। ওই উপজেলার অন্যান্য ইউনিয়নেও রয়েছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। আদমদীঘি উপজেলার ছয় ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে।বগুড়ার ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, বিধি অনুযায়ী দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়ার কোনো বিধান নেই। জানা গেছে, গাবতলীর কাগইল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির ১০ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে দলীয়ভাবে একজনকে বাছাইয়ের জন্য গত বুধবার রাতে স্থানীয় মাদ্রাসা মাঠে সভার আয়োজন করা হয়। সভায় কাগইল ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মাদ আলীর নাম ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আশরাফ হোসেন। এ সময় বিএনপির অপর প্রার্থী আগা নিহাল বিন জলিল ওরফে তপনের নাম বাদ পড়ায় তপন-সমর্থিত কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং সভাস্থলে হইচই শুরু করলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন বিএনপির নেতারা সভাস্থল ত্যাগ করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন জানান, দলীয় প্রার্থীর ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনীত তালিকা প্রকাশের পর কোন্দলের সূত্রপাত হয়। পরে দলের একাংশে ক্ষোভ তৈরি হওয়ায় তালিকাটি স্থগিত করা হয়। এ পরিস্থিতিতে অন্য উপজেলায় পর্যায়ক্রমে তালিকা প্রকাশের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। সম্ভাব্য বিদ্রোহী প্রার্থী ঠেকাতেই মনোনয়ন কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে দলের একাধিক নেতা জানান। এ ছাড়া গেল পৌর নির্বাচনে মেয়র পদে প্রায় ছয়জন বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি ও মনোনীত অনেকেরই ভরাডুবির অভিজ্ঞতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারিয়াকান্দি, শেরপুর, ধুনটসহ বিভিন্ন উপজেলা বিএনপিতেও একই অবস্থা বিরাজ করছে। বিদ্যমান কোন্দলের জের ধরে গত ৩ এপ্রিল গোসাইবাড়িতে ধুনট পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদকের সমর্থকদের সঙ্গে গোসাইবাড়ি ও ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির নেতাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ইউপি নির্বাচন সামনে রেখে দলের তৃণমূল পর্যায়ে যখন সমন্বয় কার্যক্রম চলছে, ঠিক সে সময় এ ধরনের দলীয় সংঘর্ষে সাধারণ নেতা-কর্মীদের মধ্যে দ্বিধাদন্দ্ব ছড়িয়ে পড়েছে বলে দলের স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন। বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রার্থী নিয়ে গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। শাজাহানপুর থানা বিএনপির সভাপতি আলী আতোয়ার বলেন, প্রার্থী নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা নিরসন হয়েছে। গত শুক্রবার আদমদীঘির ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক বুলবুল ফারুক চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে একাধিক প্রার্থী থাকবে। এটাকে দলের মধ্যে কোন্দল বলা ঠিক যাবে না। বিধিভঙ্গ করে দলীয় প্রার্থী দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘যদিও নিয়ম নেই তবু আমরা দল থেকে একজনকে মনোনীত করছি। যাতে আমাদের প্রার্থী জয়ী হতে পারে।’