বগুড়ায় বিমানবন্দরের দাবিতে মানববন্ধন
বগুড়ায় বিমানবন্দর চালু, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ নানা দাবিতে গতকাল বৃহস্পতিবার শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। সচেতন বগুড়াবাসী এ কর্মসূচির আয়োজন করেন। তবে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতি, বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়নসহ অনেক সংগঠন এতে সংহতি জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১২ নভেম্বর বগুড়া সফরকালে বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন, বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেলপথ নির্মাণ, যমুনা নদী খনন, ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে বার্ন ইউনিট চালু, বগুড়া শহর থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে রাস্তাঘাটের উন্নয়ন ও প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু গতকাল মানববন্ধনকারীরা এর সঙ্গে বিমানবন্দর ও কেন্দ্রীয় শহীদ মিনারের নকশায় শহীদ মিনার নির্মাণের দাবি যুক্ত করেছেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সভাপতির সভাপতি মাসুদুর রহমান, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তৌফিক হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বগুড়ার সহসভাপতি আতিকুর রহমান, আব্দুল্লাহেল কাফী প্রমুখ।
জানতে চাইলে তৌফিক হাসান প্রথম আলোকে বলেন, ব্যবসা-বাণিজ্য, শিল্প-শিক্ষা, পর্যটনসহ নানা দিক থেকে বগুড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাস্থানগড়, পাহাড়পুরসহ এ অঞ্চলের প্রত্নদর্শনের স্থানগুলোতে সারা বছর বিদেশি পর্যটকেরা আসেন। এ ছাড়া শিল্পস্থাপনেও বিদেশি উদ্যোক্তারা এখানে আসতে চান। কিন্তু বিমানবন্দর না থাকায় বিদেশি পর্যটক ও উদ্যোক্তারা পিছিয়ে পড়েন। তিনি আরও বলেন, বগুড়ায় বিমানবাহিনীর রাডার স্টেশন রয়েছে। সেখানে প্রশিক্ষণ বিমান ওঠানামার সব রকম ব্যবস্থা আছে। বিমানবন্দর স্থাপনের জন্য নতুন করে জায়গা অধিগ্রহণেরও দরকার নেই। বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানবন্দরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলেই অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করতে পারবে। তা ছাড়া বগুড়ার শহীদ খোকন পার্কে মূল নকশার শহীদ মিনার ভেঙে বিগত দিনে বিরল নকশার শহীদ মিনার নির্মাণ করা হয়। তাই কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে মূল নকশার শহীদ মিনার নির্মাণ করা উচিত।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষণার পর অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বগুড়া-নাটোর মহাসড়কের পাশে শাজাহানপুর উপজেলার চকজোড়া, জোড়া, পারটেরখুর, বীরগাঁও ও চকভ্যালী পাঁচ মৌজায় ২৫১ দশমিক ৪৩ একর জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হলেও তা ঝুলে গেছে। একইভাবে অনিশ্চয়তায় ঝুলে গেছে বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া হয়ে রংপুর পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প।
অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গত বছরের ৩ মার্চ শিক্ষাসচিবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দেওয়া হয়। এরপর আর তার কোনো অগ্রগতি নেই।