বগুড়ায় বিশেষ অভিযানে আরও ৭০ জন গ্রেপ্তার
বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় জামায়াতের এক নেতাসহ আরও ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দেশে তৈরি দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯টি পেট্রলবোমা ও তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের অভিযানকালে গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার এরুলিয়া এলাকা থেকে এরুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইব্রাহীম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি পেট্রলবোমা ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।
ইব্রাহীমের বিরুদ্ধে বগুড়ায় সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগসহ সহিংসতার ১০টি মামলা রয়েছে। এ ছাড়া অভিযানে দেশে তৈরি দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। জেলায় অভিযানের ঘটনায় বিভিন্ন থানায় ১৯টি মামলা হয়েছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান প্রথম আলোকে বলেন, অপরাধ দমনে জেলাজুড়ে চলমান গ্রেপ্তার অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ওই ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৭ জন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি।