বগুড়ায় বিসিএল পেপার মিলকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের দায়ে বগুড়ার বেসরকারি সংস্থা টিএমএসএসের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড (বিসিএল) পেপার মিলকে গতকাল রোববার দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গ্যাস আইন ও গ্যাস বিপণন গেজেটের ধারা ১০ ও ধারা ৭.২.৩ (চ) অনুযায়ী অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহার বিচ্ছিন্নযোগ্য ও শাস্তিযোগ্য অপরাধ। বগুড়ার সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উৎপল কুমার বাগচি বলেন, ‘গ্যাস আইন ও গ্যাস বিপণন গেজেটের ১১ ও ৪৪ (২) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের প্রমাণ মিললে অভিযুক্ত গ্রাহকের সর্বোচ্চ তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং মিটারে অতিরিক্ত গ্যাস ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানার শাস্তির বিধান রয়েছে।’
গতকাল দুপুরে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান অতিরিক্ত গ্যাস ব্যবহারের প্রমাণ পেয়ে এক লাখ এবং মিলের পাশের আরেকটি ইউনিটে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পেয়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
হাকিম হাবিবুল হাসান বলেন, অভিযানের সময় প্রত্যেক মাসে অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের প্রমাণ মিলেছে। গ্যাস বিপণন আইন ২০১০-এর ১২(২) ধারা অনুযায়ী অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের অপরাধে গ্রাহকের এক বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। যেহেতু প্রথমবার সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন, সে কারণে এক লাখ টাকা জরিমানা করে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য পেপার মিল কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের তৎপরতায় জড়ালে আরও কঠোর শাস্তি দেওয়া হবে। অন্যদিকে মিলের গ্যাস-সংযোগ থেকে পার্শ্ববর্তী আরেকটি ইউনিটে অবৈধভাবে সংযোগ নেওয়ার আলামত পাওয়ায় মিল কর্তৃপক্ষের আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বা শাস্তি শিথিল করার ব্যাপারে কোনো ধরনের চাপ ছিল না দাবি করে নির্বাহী হাকিম বলেন, ‘আরও দুই দিন আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা থাকলেও শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।’
বিসিএল পেপার মিলে অবৈধভাবে অনুমোদনের চেয়ে তিন থেকে চার গুণ বেশি গ্যাস ব্যবহারের বিষয়টি নিয়ে ২৩ মে এবং ২৮ মে প্রথম আলোয় দুটি প্রতিবেদন ছাপা হয়।