বগুড়ায় বিস্ফোরণে নিহত যুবক জেএমবির ফারদিন
এক মাস আগে বগুড়ার শেরপুরে একটি জঙ্গি আস্তানায় বিস্ফোরণে নিহত অন্য যুবকের পরিচয় মিলেছে। তিনি জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সামরিক শাখার প্রধান ফারদিন (২৬)। তাঁর পুরো নাম রাইসুল ইসলাম খান। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রাক্তন ছাত্র।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান গতকাল রোববার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান।
এর আগে শনিবার রাতে ফারদিনের স্ত্রী মাছুমা আকতারকে পুলিশ আটক করে এবং গতকাল আদালতে হাজির করে ওই বোমা বিস্ফোরণ মামলায় ১০ দিনের রিমান্ড চায়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৩ এপ্রিল রাতে শেরপুর উপজেলার জুয়ানপুর গ্রামে জঙ্গিদের ভাড়া করা একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত হন। পরে সেখান থেকে ২০টি হাতে তৈরি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বোমা তৈরির উপাদান উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, বোমা তৈরির সময় সেখানে বিস্ফোরণ হয়েছে। নিহত দুজনের মধ্যে তখন একজনের পরিচয় পাওয়া যায়। তাঁর নাম তরিকুল ইসলাম, বাড়ি সিরাজগঞ্জে। অন্যজনের পরিচয় না মেলায় বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়।
ঢাকা মহানগর পুলিশের জঙ্গি দমন-সংক্রান্ত বিশেষ ইউনিট বগুড়া পুলিশের সহায়তায় মাছুমা আকতারকে আটক করে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করলে ফারদিনের পরিচয় নিশ্চিত হয়। পুলিশ বলছে, মাছুমা নিজে ও তাঁর দুই ভাই জেএমবির সঙ্গে যুক্ত। বড় ভাই মোজাহিদ ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি মামুনের ভগ্নিপতি। আর ছোট ভাই মোস্তাফিজার রহমান ওরফে নজরুল ইসলাম ওরফে বোমা শাকিল জেএমবির সামরিক শাখার সদস্য।
পুলিশ সূত্র জানায়, বোমা শাকিলের সঙ্গে পরিচয়ের সূত্রে ফারদিন ২০১২ সালে মাছুমাকে বিয়ে করেন। ফারদিন বোমার কারিগর ছিলেন। গত বছরের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাটে ছিনতাই করতে গিয়ে ফারদিন আহত হন, এরপর থেকে আত্মগোপনে ছিলেন। ওই ছিনতাইয়ের ঘটনায় নিজেদের বোমায় তিন জঙ্গি নিহত হয়। ৬ অক্টোবর চট্টগ্রামে জেএমবির পাঁচ জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর আহত ফারদিনের পালিয়ে যাওয়ার কথা জানতে পারে পুলিশ। এরপর চট্টগ্রামের হাটহাজারীতে ফারদিনের ভাড়া বাসার সন্ধান পায় পুলিশ। ২৬ ডিসেম্বর রাতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ স্নাইপার রাইফেল, গুলি, বিস্ফোরক ও সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করে। এরপর থেকে ফারদিনকে গ্রেপ্তার করতে পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়।
বগুড়ার যে বাড়িতে বিস্ফোরণে ফারদিন মারা গেছেন, সে বাড়িটি ভাড়া নিয়েছিলেন জনৈক মিজানুর রহমান। যিনি নিজেকে অটোরিকশার চালক পরিচয় দিয়েছিলেন। সেই মিজানুরের এখনো কোনো হদিস মেলেনি। এসপি বলেন, মিজানুরসহ ফারদিনের দুই শ্যালক বোমা শাকিল ও মোজাহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।