বগুড়ায় বীজ আলুর জন্য কৃষকের হাহাকার
আলুর মৌসুম সামনে রেখে বগুড়ায় বীজ আলুর তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী ভালো মানের বীজ না পাওয়ায় কৃষকদের মধ্যে হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনুমোদিত ডিলারের কাছে ধরনা দিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে চাষিদের।
এই সুযোগে অসাধু ডিলাররা দেড় থেকে দুই গুণ বেশি দামে বীজ আলু বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। বীজসংকটে আলু চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
৬ নভেম্বর জেলার পীরব বাজারে ১০-১২ জন কৃষকের সঙ্গে কথা হয়। কৃষক আতাউর রহমান বলেন, ‘অন্য বছর নিজেরাই হিমাগারে বীজ সংরক্ষণ করতাম। কিন্তু বৃষ্টিতে খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় পচে যাওয়ার ভয়ে এবার হিমাগারে বীজ রাখা সম্ভব হয়নি। এখন ছোটাছুটি করেও বীজ মিলাতে পারছি না। ডিলারের দোকানে টাকা দিয়েও বীজ মিলছে না।’ কৃষক রফিকুল ইসলাম জানান, বিএডিসির ডিলাররা প্রতি কেজি গ্রানুলা জাতের বীজ আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
পীরব বাজারের বিএডিসির ডিলার তানজিম বীজ ভান্ডারের মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিএডিসির কাছে ১৫ মেট্রিক টনের চাহিদা পাঠানো হয়েছিল। কিন্তু বরাদ্দ পেয়েছি মাত্র পাঁচ মেট্রিক টন। চাহিদার তুলনায় বরাদ্দ কমের কারণে কৃষকদের ফেরত দিতে হচ্ছে। বেশি দাম নেওয়ার অভিযোগ সত্য নয়।’
সদর উপজেলার টিএমএসএস কোল্ড স্টোরেজে বীজ কিনতে এসেছিলেন সাবগ্রামের কৃষক রমিজ উদ্দিন। তিনি জানান, ঘরে বীজ নেই, ডিলারের কাছে বীজ নেই, ব্যবসায়ীদের বীজে কোনো ভরসা নেই। মানসম্পন্ন বীজ কোথাও মিলছে না। হিমাগারের বীজের দামও এক লাফে অনেক বেড়েছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাবে।
হিমাগারের ব্যবস্থাপক আলাউদ্দিন আলী প্রথম আলোকে জানান, এক মাস আগে পাকড়ি জাতের দেশি গুটি আলুর বীজের দাম ছিল বস্তাপ্রতি (৮৪ কেজি) এক হাজার ৬০০ টাকা। কোরবানির ঈদের আগে সেই আলুর দাম এক লাফে দুই হাজার ৫০০ টাকায় ওঠে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডীদাস কুণ্ডু প্রথম আলোকে জানান, ‘বিএডিসিসহ বেসরকারি কোম্পানি থেকে বীজ মিলছে চাহিদার চেয়ে অনেক কম। অবশিষ্ট চাহিদার ৬০ শতাংশ বীজ কৃষকের ঘরেই থাকার কথা। কিন্তু উৎপাদন মৌসুমে বৃষ্টির কারণে খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার অনেক কৃষকই বীজ সংরক্ষণ করতে পারেননি। এ জন্যই বীজ-সংকট তৈরি হয়েছে। অতিরিক্ত দামে কেউ বীজ বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব জেলা বাজার অনুসন্ধান কর্মকর্তার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে বগুড়ায় ৫৭ হাজার ৫৬ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জন্য ৯৩ হাজার মেট্রিক টন বীজ আলু প্রয়োজন। কৃষি বিভাগ বীজের এই চাহিদা বিএডিসির কাছে পাঠিয়েছে। কিন্তু বিএডিসি ডিলারদের মাধ্যমে বিক্রির জন্য এক হাজার এবং প্রদর্শনী খামার ও কৃষক পর্যায়ে বিক্রির জন্য ৩৭০ মেট্রিক টন বীজ বরাদ্দ পেয়েছে। বেসরকারি বীজ বিপণন প্রতিষ্ঠান থেকে আরও দুই হাজার মেট্রিক টন বীজ পাওয়ার কথা। অবশিষ্ট ৯০ হাজার মেট্রিক টন বীজ সংগ্রহ করতে হবে কৃষকদের নিজ উদ্যোগে।
বিএডিসির বগুড়া আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, বগুড়ায় সংস্থাটির ২৫৮ জন ডিলার রয়েছে। এসব ডিলারের কাছ থেকে এবার বীজের চাহিদা পাওয়া যায় পাঁচ হাজার মেট্রিক টন। কিন্তু কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, নীলফামারী (ডোমার), রংপুর, ঠাকুরগাও, টাঙ্গাইল (ধনকুন্ডি) ও বগুড়া বীজাগার থেকে গ্রানুলা (ডায়মন্ড), ক্যারেজ ও অ্যাস্টিরিক (ডায়মন্ড) জাতের বীজ বরাদ্দ মিলেছে মাত্র এক হাজার ৩২৫ মেট্রিক টন।
এই বীজের মধ্যে এক হাজার মেট্রিক টন ডিলারের মাধ্যমে এবং অবশিষ্ট ৩২৫ মেট্রিক টন প্রদর্শনী খামার ও কৃষক পর্যায়ে দেওয়া হয়েছে। বিএডিসির গ্রানুলা জাতের এ গ্রেডের প্রতি কেজি বীজের দাম ২৯ টাকা ও বি গ্রেড ২৭, ক্যারেজ জাতের ব্যালেনির দাম ২৬ ও সাগিতার ২৪, অ্যাস্টিরিক জাতের এ গ্রেডের দাম ৩১ ও বি গ্রেডের দাম ২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিএডিসির বগুড়া কার্যালয়ের উপপরিচালক (বীজ) সাইফুল ইসলাম জানান, চাহিদা কম থাকায় গত বছর অনেক ডিলার বরাদ্দের আলু বীজ তুলতে আসেননি। এবার বীজের জন্য তাঁরা হুমড়ি খেয়ে পড়ছেন। কোনো ডিলার বেশি দামে বীজ বিক্রি করলে তা দেখার দায়িত্ব বীজ প্রত্যয়ন এজেন্সির।
বীজ প্রত্যয়ন এজেন্সির বগুড়া জেলা বীজ কর্মকর্তা গোলাম আজম বলেন, ‘এই প্রতিষ্ঠান বীজের মান তদারকি ও ভেজাল বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। কেউ বেশি দামে বীজ বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বীজ প্রত্যয়ন এজেন্সির নয়।’