বগুড়ায় বেঁধে দেওয়া সময়ে বিএনপির কমিটি গঠন হয়নি
বগুড়ায় বিএনপির ইউনিয়ন, পৌর ও থানা কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গঠন করা সম্ভব হয়নি। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ইউনিয়ন কমিটি এবং ৩১ মার্চের মধ্যে পৌর ও থানা কমিটি গঠনে সময় বেঁধে দেওয়া হয়। গতকাল বুধবার ৩১ মার্চ পর্যন্ত জেলার ১০৮টি ইউনিয়নের মধ্যে বেশির ভাগ ইউনিয়নের কমিটি গঠন করা হয়নি। বিএনপির স্থানীয় নেতাদের কেউ কেউ তাঁদের মধ্যে মতভেদকে কমিটি গঠনে দেরির কারণ বলে উল্লেখ করেছেন। তবে দলের অনেক নেতাই তা স্বীকার করেননি।গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাংসদ আবদুল মোমেন তালুকদারের বাসভবনে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের এক জরুরি সভায় ইউনিয়ন, পৌর ও থানা কমিটি গঠনে সময় বেঁধে দেওয়া হয়। দলের একাধিক সূত্রে জানা গেছে, জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মাহবুবর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের মধ্যে বিরোধের কারণে বগুড়ায় নির্ধারিত সময়ে বিভিন্ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। বগুড়ায় ১২টি থানা কমিটিসহ ২৩টি সাংগঠনিক কমিটি ও ১০৮টি ইউনিয়ন কমিটি রয়েছে। প্রথমে ইউনিয়ন কমিটি এবং পরে পৌর ও থানা কমিটি গঠনের কথা। দলীয় সূত্রে জানা গেছে, ১০৮টি ইউনিয়নের মধ্যে বেশির ভাগ ইউনিয়নে কমিটি গঠন করা যায়নি। তবে সোনাতলা থানায় সব কয়টি ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির আহ্বায়ক আহসানুল তৈয়ব। তিনি বলেন, নেতাদের মধ্যে পারস্পরিক সমঝোতার অভাবে এসব কমিটি গঠনে দেরি হচ্ছে। গাবতলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদ মিল্টন জানান, তাঁর এলাকায় ১২টি ইউনিয়নের একটিতেও কমিটি গঠন করা হয়নি। এর কারণ বিভিন্ন বলে উল্লেখ করলেও এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি। অভ্যন্তরীণ কোন্দল কমিটি গঠনে বাধা হয়ে দাঁড়িয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গাবতলীতে বিএনপির মধ্যে কোন্দল নেই।শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির আহ্বায়ক মীর শাহে আলম জানান, তাঁর থানায় পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে তিনটি ইউনিয়নে কমিটি গঠন হয়েছে। তিনি বলেন, কমিটি গঠন নিয়ে জেলার আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সমঝোতার অভাবে এসব কমিটি গঠন হয়নি। এ ব্যাপারে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এসব কমিটি গঠনের কাজ চলছে। দলীয় কোন্দলে কমিটি গঠনে দেরি হচ্ছে—এ কথা ঠিক নয়। নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন, পৌর ও থানা কমিটি গঠন না হওয়ার কথা স্বীকার করে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মাহবুবর রহমান বলেন, কমিটি গঠন না হওয়ার পেছনে অনেক সমস্যা আছে। তবে অভ্যন্তরীণ কোন্দল এর কারণ নয়। তিনি জানান, ১০ এপ্রিল বগুড়ায় বিএনপির ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।