বগুড়ায় বেশি দামে বিক্রি করা হচ্ছে ঈদের টিকিট
ঈদ শেষে বগুড়া থেকে রাজধানী ঢাকায় ফিরতে বাসের অগ্রিম টিকিট বেচা শুরু হয়েছে। অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। মালিক-শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নোটিশ টানিয়ে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি আদায় করা হচ্ছে।গতকাল বৃহস্পতিবার থেকে বগুড়ায় এসআর ট্রাভেলস ও শ্যামলী পরিবহন অগ্রিম টিকিট বেচা শুরু করেছে। যাত্রীরা লাইন ধরে দাঁড়িয়ে বাড়তি টাকা দিয়ে টিকিট নিয়েছেন। অনেক যাত্রী টিকিট কাটতে গিয়ে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। অন্য সময় বগুড়া থেকে ঢাকার বাস ভাড়া ২২০ টাকা (সরকার নির্ধারিত)। তবে যাত্রীদের কাছ থেকে নেওয়া হতো ২০০ টাকা। এসি গাড়ির টিকিটের মূল্য নেওয়া হতো ৩০০ ও ৩৫০ টাকা। টিআর ট্রাভেলস এসির ভাড়া বাড়িয়ে করেছে ৫০০ টাকা। গতকাল এসআর ট্রাভেলস ও শ্যামলী পরিবহন যাত্রীদের কাছ থেকে টিকিটপ্রতি (নন-এসি) ভাড়া নিয়েছে ৩০০ টাকা। বাড়তি টাকা নেওয়ার কারণ হিসেবে কাউন্টার থেকে বলা হচ্ছে, বগুড়ার পরিবহন মালিক ও শ্রমিকদের সিদ্ধান্ত অনুযায়ী এই টাকা আদায় করা হচ্ছে। দুই-একটি কাউন্টারে মালিক-শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।বগুড়ায় আগমনী এক্সপ্রেস, বাবলু পরিবহন ও গ্রিন লাইন গতকাল থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। সবার এক কথা, মালিক-শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা এই ভাড়া আদায় করছেন।বগুড়া মোটর-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ বলেন, ‘ঈদের সময় একপ্রান্ত থেকে গাড়ি ভরে যায়। অন্য প্রান্ত থেকে খালি ফিরে আসে। সে জন্য মালিক-শ্রমিকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন।’ বগুড়া মোটর মালিক পক্ষের সভাপতি শাহ আক্তারুজ্জামান বলেন, ‘শ্রমিক ইউনিয়ন একটি সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি আমাদের মালিক নেতাদের জানিয়েছে। আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছি।’