বগুড়ায় ব্যবসায়ী হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কাফুরা পূর্বপাড়ায় ব্যবসায়ী আল মাসুদ হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আ ন ম সাঈদ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শেরপুর উপজেলার কাফুরা গ্রামের নুরুল ইসলাম জায়দার (৩৯) ও মোস্তফা কামাল (২৫)।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, দুই শতক জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর উপজেলার কাফুরা গ্রামের মুরগি ব্যবসায়ী আল মাসুদকে অপহরণ করা হয়। পুলিশ ১৭ সেপ্টেম্বর পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় আল মাসুদের মা মালেঞ্চা বেগম বাদী হয়ে প্রতিবেশী জিয়াউর রহমানসহ একই পরিবারের ছয়জনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা তদন্ত শেষে নুরুল ও মোস্তফার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত গতকাল তাঁদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন। এরপর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আবদুল মতিন।