বগুড়ায় ব্যাংক কর্মকর্তাকে অপহরণ মুক্তিপণ নিতে গিয়ে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মামুনুর রশিদ (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার সময় তিন কলেজছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার রাত নয়টায় শহরের পুরোনো বগুড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। পরে ব্যাংক কর্মকর্তাকে একটি ছাত্রাবাস থেকে উদ্ধার করে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আকিদুল ইসলাম (২৪), রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র জেহাদুল হাসান (২৩), হিসাববিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র ইমরান হোসেন (২১) ও গাবতলীর ধামাচামা গ্রামের মেহের আলী (৪৬)।ডিবি পুলিশ জানায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সান্তাহার শাখার সুপার ভাইজার মামুনুর রশিদ (৫০) বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কর্মস্থল থেকে ট্রেনযোগে এসে বগুড়া রেলস্টেশনে নামেন। এ সময় চার তরুণ তাঁকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এরপর তাঁর মুঠোফোন থেকে পরিবারের সদস্যদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।পরদিন বৃহস্পতিবার ডিবি পুলিশকে জানানো হলে তাদের পরামর্শে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে এবং মামুনুর রশিদের মুক্তির জন্য ৬০ হাজার টাকা দিতে রাজি হয়। অপহরণকারীরা পরিবারের সদস্যদের বৃহস্পতিবার রাত নয়টায় টাকা নিয়ে শহরের পুরোনো বগুড়ায় যেতে বলে। এ সময় ডিবি পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। অপহরণকারীদের সঙ্গে টাকা লেনদেনের সময় ডিবি পুলিশ ধরে ফেলে অপহরণকারী আকিদুল ইসলাম ও জেহাদুল হাসানকে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পুরোনো বগুড়ার বন্ধন ছাত্রাবাস থেকে গ্রেপ্তার করা হয় অন্য দুজনকে।গ্রেপ্তার হওয়া মেহের আলী জানান, মামুনুর রশিদ গাবতলীতে চাকরি করার সময় তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন। দীর্ঘ দিন পরও সেই টাকা না দেওয়ায় তাঁর গ্রামের এক ভাতিজা মামুনুর রশিদকে অপহরণ করে আটকে রেখে টাকা আদায়ের পরামর্শ দেন। সেই অনুযায়ী বুধবার তাঁকে রেলস্টেশন থেকে ধরে নিয়ে যাওয়া হয়। তবে ব্যাংক কর্মকর্তা মামুনুর রশিদ টাকা পাওনার কথা অস্বীকার করেছেন।ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, টাকা লেনদেনের বিষয়টি তদন্তকালে জানা যাবে। তবে বুধবার তাঁকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগটি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।