বগুড়ায় ব্যাংকের কর্মকর্তা ছুরিকাহত
বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবুল কালাম আজাদ (৩৬) ঢাকা ব্যাংক বগুড়া শাখার কর্মকর্তা। প্রত্যক্ষদর্শী ও বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ গতকাল সকাল পৌনে ১০টার দিকে চকসুত্রাপুর এলাকার বাসা থেকে বের হয়ে রিকশায় উঠলে এলাকার এক যুবক অতর্কিতে তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরি চালাতে থাকে। এ সময় লোকজন এগিয়ে এলে যুবকটি পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।আহত ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ছেলেটিকে তিনি এর আগে কয়েকবার দেখেছেন। অফিসে যাওয়ার সময় সে তাঁর পেছনে লেগে থাকত। কিন্তু কিছু বলত না। বগুড়া সদর থানার উপপরিদর্শক মঞ্জুরুল হক বলেন, প্রাথমিকভাবে যা বোঝা গেছে তাতে যুবকটি মাদকসেবী হতে পারে।