বগুড়ায় ভালো ফল নিয়ে রেষারেষির এই ফল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার এসএসসি পরীক্ষার পর বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা চলাকালে দেখাদেখি করে লেখার দায়ে উত্তরপত্র কেড়ে নেওয়ার ঘটনায় এ হামলা হয়েছে। এতে জিলা স্কুলের শিক্ষকদের ইন্ধন ছিল। এমনকি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন হামলার সময় উপস্থিত ছিলেন। জিলা স্কুল কর্তৃপক্ষের ভাষ্য, বিনা দোষে উত্তরপত্র কেড়ে নেওয়াসহ কয়েকটি অভিযোগ কেন্দ্র কর্তৃপক্ষকে জানাতে গিয়েছিল শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। এ সময় ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।
তবে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভালো ফল করা নিয়ে দীর্ঘদিন ধরেই এ দুই বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে রেষারেষি ও মনস্তাত্ত্বিক বিরোধ রয়েছে। গতকালের ঘটনা তারই বহিঃপ্রকাশ। গতকাল হামলার ঘটনার আগে দুই পরীক্ষাকেন্দ্রেই পাল্টাপাল্টি শিক্ষার্থীদের খাতা গণহারে কেড়ে নেওয়া হয়। এতে অনেক শিক্ষার্থীই ভালো পরীক্ষা না দিতে পেরে কেঁদেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের মতো এবারও বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থীরা পাশের বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে। অন্যদিকে বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে জিলা স্কুলে। গতকাল গণিত বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বেলা একটার দিকে জিলা স্কুলের একদল শিক্ষার্থী ও অভিভাবক লাঠিসোঁটা হাতে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রবেশ করেন। তাঁরা ওই কেন্দ্রের একটি কক্ষে হামলা ও ভাঙচুর করেন। জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী এবং অন্য কয়েকজন শিক্ষকের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।

>* সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিলা স্কুলের শিক্ষার্থীদের হামলা *দুই কেন্দ্রেই পাল্টাপাল্টি উত্তরপত্র কেড়ে নেওয়ার অভিযোগ

জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, তাঁর প্রতিষ্ঠান যাতে ভালো ফল করতে না পারে, পরীক্ষার প্রথম দিন থেকেই সেই চেষ্টা শুরু করেন কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা। তাঁরা জিলা স্কুলের পরীক্ষার্থীদের বিনা কারণে মানসিক নির্যাতন, অশ্লীল ভাষায় গালিগালাজ, শিক্ষকদের কটাক্ষসহ নানা রূঢ় আচরণ করেন। গতকাল গণিত পরীক্ষার দিনেও একই আচরণ করেন ২১৬ নম্বর কক্ষে দায়িত্বরত কক্ষ পরিদর্শক। বিষয়টি জানার পর তিনি নিজে তাৎক্ষণিক সেখানে গিয়ে কেন্দ্র সচিবকে বিষয়টি অবহিত করেন। কিন্তু চলে আসার পর শিক্ষার্থীদের উত্তরপত্র গণহারে কেড়ে নিয়ে আটকে রাখা হয়। এতে অনেক মেধাবী শিক্ষার্থী ভালো পরীক্ষা দিতে পারেনি। কেউ কেউ পাস নম্বরের উত্তরও লিখতে পারেনি। অন্য কক্ষেও শিক্ষার্থীদের সঙ্গে আক্রোশমূলক আচরণ করা হয়েছে। এসব ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ হন। পরীক্ষা শেষে সংক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা এসব বিষয়ে কেন্দ্র কর্তৃপক্ষকে অবহিত করতে সেখানে যান। এ সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য শিক্ষকেরা তাঁদের পিছু পিছু গিয়েছিলেন। পরে শিক্ষকেরা তাঁদের শান্ত করে বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। কোনো হামলা-ভাঙচুর হয়নি।
বেলা দেড়টায় সরেজমিনে দেখা গেছে, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১১৩ নম্বর কক্ষের কাচের জানালা, দুটি প্লাস্টিকের চেয়ার ও কাগজ রাখার বেশ কয়েকটি ঝুড়ি ভাঙচুর করা হয়েছে। কেন্দ্রে নিয়োজিত পুলিশ সদস্য বদিউর রহমান বলেন, ‘পরীক্ষা শেষে সবাই উত্তরপত্রের নিরাপত্তায় ব্যস্ত ছিলাম। সোয়া একটার দিকে একদল উত্তেজিত শিক্ষার্থী দৌড়ে এসে ভাঙচুর শুরু করে। দু-একজনের হাতে লাঠি ছিল।’
জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী অভিযোগ করেন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মেয়েরা জিলা স্কুলে পরীক্ষা দিচ্ছে। তাদের সঙ্গে এই বিদ্যালয়ের শিক্ষকেরা নিজের সন্তানের মতো আচরণ করে আসছেন। অথচ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা জিলা স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অশিক্ষকসূলভ আচরণ করে আসছেন।
তবে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘জিলা স্কুলের শিক্ষকদের সঙ্গে আমাদের কোনো বিরোধ বা দূরত্ব নেই। শিক্ষার্থীদের সঙ্গে কোনো অশিক্ষকসূলভ আচরণ করার অভিযোগও ভিত্তিহীন।’ তিনি দাবি করেন, শুরু থেকেই জিলা স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় দেখাদেখি করে লিখছিল। গতকাল বিষয়টি কেন্দ্রের কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মমতাজ মহলের নজরে পড়ে যায়। তিনি এ নিয়ে কক্ষ পরিদর্শকদের সতর্ক করে দেন। বাধ্য হয়ে কক্ষ পরিদর্শকেরা কিছুটা কড়াকড়ি করেন। এরপরও নিষেধ অমান্য করায় কয়েকজনের উত্তরপত্র নিয়ে ৫-১০ মিনিট করে রেখে দেওয়া হয়। এ কারণেই হামলা হয়েছে। এ সময় তাদের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকও সঙ্গে ছিলেন।
দুই পক্ষ এবং সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া জিলা স্কুল ও বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এই রেষারেষি দীর্ঘদিনের। জেএসসি, পিইসি ও এসএসসি পরীক্ষা এলেই তা কমবেশি প্রকাশ পায়। কেউ কারও চেয়ে যাতে ফল ভালো না করতে পারে, সব সময়ই এ প্রতিযোগিতা থাকে। এ নিয়ে দুই পক্ষের শিক্ষকেরাই শিক্ষার্থীদের কারণে-অকারণে অপদস্থ, হেনস্তা ও মানসিকভাবে নির্যাতন করেছেন। শিক্ষকদের এই বিরোধের প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। গতকাল যেমন সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে জিলা স্কুলের পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেওয়া হয়, তেমনি জিলা স্কুল কেন্দ্রেও বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্তরপত্র গণহারে কেড়ে নেওয়া হয়। এতে ভালো পরীক্ষা দিতে না পারায় দুই কেন্দ্র থেকেই বেরিয়ে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
এদিকে হামলার ঘটনার পর জিলা স্কুলের পরীক্ষার্থীদের অনেকে ভালো পরীক্ষা না হওয়ার কারণে নিজ প্রতিষ্ঠানে ফিরে কান্নায় ভেঙে পড়ে। এ সময় প্রধান শিক্ষক রমজান আলী মাইকে বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেন। তখন শিক্ষার্থীরা আবার লাঠিসোঁটা হাতে বিদ্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দুই বিদ্যালয়েরই সভাপতি বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বিরোধের বিষয়টি এত দিন নজরে আসেনি। গতকালের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আগামী পরীক্ষাগুলোতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃতি হবে না।