বগুড়ায় ভাড়াটেদের মধ্যে 'জানুয়ারি আতঙ্ক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাসাভাড়া। জানুয়ারি এলেই বাড়িওয়ালারা আগের বছরের তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। এবারও ভাড়াটেদের বাড়িভাড়া বাড়ানোর কথা জানানো হয়েছে। তাই ‘জানুয়ারি-আতঙ্কে’ রয়েছেন ভাড়াটেরা।
শহরের অন্তত ১৫টি আবাসিক এলাকার ভাড়াটে ও বাড়িওয়ালা বলেন, গত আট থেকে দশ বছরে এলাকাভেদে বাসাভাড়া পাঁচ থেকে ছয় গুণ পর্যন্ত বেড়েছে।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, নির্দিষ্ট আইন না থাকায় প্রতিবছরই ইচ্ছেমতো ভাড়া বাড়াচ্ছেন বাড়িওয়ালারা। কিন্তু তাঁরা বাসাভাড়ার আয় থেকে বিধি অনুযায়ী কর দিচ্ছেন না।
বগুড়া পৌরসভার নগর পরিকল্পনাবিদ আল মেহেদী হাসান বলেন, হোল্ডিং সংখ্যা অনুযায়ী শহরে এখন বাসাবাড়ির সংখ্যা ৬২ হাজার। এর মধ্যে ছয়তলা পর্যন্ত প্রায় সাড়ে সাত শ এবং সাততলা থেকে বিশতলা পর্যন্ত এক শটির মতো বহুতল ভবন রয়েছে। এ ধরনের ভবনকে একটি হোল্ডিং ধরা হলেও কোনো কোনো ভবনে ৭০ থেকে ৮০টি পর্যন্ত ফ্ল্যাট রয়েছে। সেই হিসাবে বাসাবাড়ির সংখ্যা আরও কয়েক হাজার বেশি।
২২ থেকে ২০ জন ভাড়াটে বলেন, বাসাভাড়া বিষয়ে কোনো আইন নেই। তাই জানুয়ারি এলেই তাঁরা আতঙ্কে থাকেন। জলেশ্বরীতলা, রহমাননগর, মালতিনগর, সূত্রাপুর, খান্দার ও সেউজগাড়ি এলাকায় বছর শেষে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়।
বগুড়ার আরডিএ ল্যাবরেটরি কলেজের শিক্ষক জিয়াউল ইসলাম বলেন, ‘২০০৬ সালে জলেশ্বরীতলা এলাকায় দুটি শোয়ার ঘরের একটি বাসা ভাড়া নিয়েছিলাম ২ হাজার ৫০০ টাকায়। একই আয়তনের বাসায় এখন ভাড়া দিচ্ছি মাসে ১৩ হাজার টাকা।’
বেসরকারি একটি কোম্পানির বিক্রয় বিভাগের টেরিটরি অফিসার ওয়ালিউর রহমান বলেন, ‘১৫ বছর ধরে শহরে ভাড়াবাসায় বাস করছি। এই সময়ে বেতন বেড়েছে মাত্র তিন হাজার টাকা। অথচ বাসাভাড়া বেড়েছে আট হাজার টাকা। এবারও ভাড়া ১৩ শতাংশ বেড়েছে।’
জলেশ্বরীতলা এলাকার ফ্ল্যাটের মালিক সোহেল আহমেদ বলেন, বাসাভাড়ার সঙ্গে নির্মাণব্যয় ও রক্ষণাবেক্ষণ খরচও আগের তুলনায় অনেক বেড়েছে। এখন এই এলাকায় ১ হাজার ১০০ বর্গফুটের একটি ফ্ল্যাট ৫০ লাখ টাকার নিচে কেনা যায় না। আগে দাম ছিল ২৫ থেকে ৩০ লাখ। তাই ভাড়াও বেড়েছে।
বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল করিম বলেন, ‘বগুড়ায় বছরে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বাড়িভাড়া বাড়ান মালিকেরা। ফ্ল্যাট ব্যবসায়ী হিসেবে আমরাও মনে করি, বাড়িভাড়ার নির্দিষ্ট আইন না থাকাতেই এমনটা হচ্ছে।’
শহরবাসী জানান, ২০০১ সালে বাসাবাড়িতে পাইপ লাইনে গ্যাস সরবরাহ, রাস্তাঘাট উন্নয়ন, সড়কবাতি স্থাপন, সড়কদ্বীপে সৌন্দর্যবর্ধন, দ্বিতীয় বাইপাস সড়ক নির্মাণসহ পরিকল্পিত শহরায়ণ শুরু হলে ঢাকার নামীদামি হাউজিং কোম্পানি ও ডেভেলপার প্রতিষ্ঠানগুলো বগুড়ায় বহুতল ভবন নির্মাণ শুরু করে। কয়েক বছরের ব্যবধানে শহরে এখন বহুতল ভবন ও ছয়তলা আবাসিক ভবনের সংখ্যা প্রায় হাজারখানেক। এসব ভবনে বাড়িওয়ালারা ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করছেন। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সব ধরনের বাসাবাড়ির ভাড়াও। এতে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্নবিত্তরা।
জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, বাসাভাড়া নিয়ে বাড়িওয়ালাদের বিরুদ্ধে কেউ কখনো অভিযোগ নিয়ে আসেননি।