বগুড়ায় ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি টাকা আত্মসাত
অস্তিত্বহীন একটি খামার এবং হ্যাচারিকে ‘কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প’ দেখিয়ে ‘নর্থ-বেঙ্গল ডেইরি অ্যান্ড বিফ ফ্যাটেনিং’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় সাড়ে তিন কোটি টাকার অর্থ-সহায়তার সুপারিশ করে অগ্রণী ব্যাংকের বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা শাখা৷
ওই সুপারিশের ভিত্তিতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ইক্যুইটি অ্যান্ড এন্ট্রাপ্রিনিয়রশিপ ফান্ড (ইইএফ) থেকে এক কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি জালিয়াত চক্র৷
চক্রটি ওই সহায়তা নিতে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈির এবং এলাকার কয়েকজন কৃষকের জমি প্রতিষ্ঠানের নামে দেখিয়ে তা গোপনে ব্যাংকে বন্ধক রাখে৷ সম্প্রতি বিষয়টি জানাজানি হলে একজন কৃষক ওই জালিয়াত চক্রের সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা করেন৷ আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে গেছেন ওই চক্রের তিন সদস্য৷
অগ্রণী ব্যাংকের ভাটরা শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘অগ্রণী ব্যাংক ওই প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ-সহায়তার প্রস্তাব করেছে মাত্র৷ কাগজপত্র যাচাই-বাছাইয়ের দায়িত্ব ছিল আইসিবির৷ তা ছাড়া যত দূর জানি, যে প্রতিষ্ঠানকে অর্থ-সহায়তা দেওয়া হয়েছিল, সেটির সাইনবোর্ড ছাড়া কোনো অস্তিত্ব নেই৷’
মামলা ও ব্যাংকের নথি সূত্রে জানা গেছে, নর্থ-বেঙ্গল ডেইরি অ্যান্ড বিফ ফ্যাটেনিংয়ের নামে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কোষাস গ্রামে ১০ একর জমির ওপর স্থাপিত কথিত একটি কৃষিভিত্তিক ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে প্রায় সাত কোটি টাকার বিনিয়োগ দেখানো হয়৷ এরপর অগ্রণী ব্যাংক ভাটরা শাখা থেকে ২০১০ সালের এপ্রিল ২০ এপ্রিল আইসিবির কাছে প্রতিষ্ঠানটির অনুকূলে তিন কোটি ৩৯ লাখ ৭৪ হাজার টাকার অর্থ-সহায়তার সুপারিশ করা হয়৷ ভাটরা শাখার তৎকালীন ব্যবস্থাপক ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই প্রস্তাবে নন্দীগ্রামের কোষাস গ্রামের ইশারত হোসেনকে চেয়ারম্যান এবং তাঁর দুই ছেলে মোয়াজ্জেম হোসেন ও মোফাজ্জল হোসেনকে প্রতিষ্ঠানটির পরিচালক উল্লেখ করা হয়৷ সহায়তা দেওয়ার পক্ষে দাখিল করা ওই প্রতিবেদনে ব্যাংকের পক্ষ থেকে উল্লেখ করা হয়, ওই প্রতিষ্ঠানটির হ্যাচারি ও মৎস্য চাষ প্রকল্পে পৌনে দুই একর আয়তনের দুটি পুকুর, সাড়ে চার একর আয়তনের অনাবাদি জমি এবং সাড়ে পাঁচ একর ফসিল জমি রয়েছে৷
কোষাস গ্রামের কৃষক আজিমউদ্দীন সম্প্রতি খোঁজ নিয়ে জানতে পারেন, ভুয়া ওই প্রকল্পে যে ১০ একর জমি ব্যাংকে বন্ধক রেখে সহায়তা হাতিয়ে নেওয়া হয়েছে, ওই জমির মধ্যে তিনটি দাগে তাঁর ১ দশমিক ৪৩ একর জমি রয়েছে৷ এরপর তিনি জানতে পারেন, ব্যাংকে বন্ধক রাখা ১০ একর জমির অর্ধেকই এলাকার সাধারণ কৃষকের৷
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) কালাচাঁদ বলেন, তদন্তে জালিয়াতির মাধ্যমে অন্যের জমি প্রতিষ্ঠানের নামে দেখিয়ে তা ব্যাংকে বন্ধক রেখে সহায়তার অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে৷
অভিযুক্ত ব্যক্তিরা কারাগারে থাকায় তাঁদের বক্তব্য জানা যায়নি৷ ব্যাংকে জমা দেওয়া কাগজপত্রে প্রতিষ্ঠানটির যে প্যাড ব্যবহার করা হয়েছে, তাতে দুটি মুঠোফোন নম্বর দেওয়া রয়েছে৷ ওই নম্বরে ফোন করা হলেও কেউ ধরেননি৷
মুঠোফোনে যোগাযোগ করা হলে সুপারিশকারী কর্মকর্তা অগ্রণী ব্যাংকের ভাটরা শাখার সাবেক ব্যবস্থাপক মো. ফরহাদ হোসেন দাবি করেন, ‘এর দায় আমার নয়৷’