বগুড়ায় উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের তেমন আগ্রহ নেই। সাম্প্রতিক ও নন্দীগ্রাম উপজেলা ঘুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
তবে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের সমর্থন-প্রত্যাশী প্রার্থীর ছড়াছড়ি লক্ষ করা গেছে। তফসিল ঘোষণার পর এসব নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করেছেন। বিএনপির সমর্থন-প্রত্যাশীরাও নির্বাচনে অংশ নেওয়ার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। বগুড়ার ১২টি উপজেলার মধ্যে প্রথম দফায় ছয়টির তফসিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সোনাতলা, সারিয়াকান্দি ও নন্দীগ্রাম।
গত সোমবার সারিয়াকান্দি বাজারের কামারপট্টিতে কথা হয় নিজবাটি গ্রামের সাবজাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘পাঁচ বছর ক্ষমতাত থ্যাকে সরকার। আর পাঁচ বছর পর ক্ষমতা হাতত আসে হামাকেরে। হামরায় লিজেগেরে পছন্দের দলক ভোট দিই। এবার এডাই (ভোট) দিবার পারিনি। একন আবার উপজেলা ভোট হচ্চে। এই ভোট দিয়ে হামাগেরে কী হবি?’
একই উপজেলার চরবাড়িয়া গ্রামের ফজলার রহমান বলেন, ‘ভোট মানে তো হামাগেরে কাচে উৎসব; কিন্তু দ্যাশে যে অশান্তি—উৎসব হবি ক্যামনে।’ নারচি গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘গরিব মানুষক সেবা করবি, ভালো কাজ করবি, সুখে-দুখে হামাগেরে পাশে থাকপি—এমন প্রার্থী থাকলে ভোট দিবার যামো, না থাকলি ভোট দিমো না।’
নন্দীগ্রাম উপজেলা বাসস্ট্যান্ড বাজারের একটি চায়ের দোকানে কথা হয় কাথম গ্রামের কৃষক আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সব দল ভোটত গেলি হামরাও ভোট দিবার যামো, সংসদ ভোটের মতো ভোট হলি দিবার যামুনা’।
কলেজপাড়ার আবদুল আজিজ বলেন, পাঁচ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ‘নিধিরাম সর্দার’ বানিয়ে রাখা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান আলী গতবার চেয়ারম্যান হয়েছিলেন। এবারও তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে মঙ্গলবার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের এক সভায় চেয়ারম্যান পদে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর শাহীকে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুনজিল আলী সরকার ও বগুড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শাহীন আহমেদ প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
বিএনপির সমর্থন পাওয়ার চেষ্টা করছেন উপজেলা বিএনপির সভাপতি কাজী এরফানুর রহমান, সাবেক সভাপতি মাসুদুর রহমান। জাপার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলামও নিজ দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।
নন্দীগ্রাম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল আশরাফও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম ও আজিজার রহমান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় বিএনপির নেতারাও বসে নেই। ইতিমধ্যে উপজেলা বিএনপির সভাপতি এ কে আজাদ, সাবেক সভাপতি তহিদুল ইসলাম খান চৌধুরী, নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সহসভাপতি সুশান্ত কুমার, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম এবং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস আলী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। তবে মনোনয়নপত্র দাখিলের জন্য তাঁরা কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
উপজেলা জাসদের সাবেক সভাপতি কামরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম ও বর্তমান ভাইস চেয়ারম্যান শ্রাবনী আখতার বানুও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
সোনাতলা উপজেলা চেয়ারম্যান হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিনহাদুজ্জামান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আহসানুল তৈয়ব জাকির, পাকুল্যা ইউপির চেয়ারম্যান এ কে এম লতিফুল বারী ছাড়াও শাখিউল রেজা, নাছির উদ্দিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নজমুল হকের নাম শোনা যাচ্ছে।
আহসানুল তৈয়ব বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি চূড়ান্ত। এখন কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’