বগুড়ায় মশার জ্বালায় অতিষ্ঠ মানুষ
বগুড়া শহরে মশার উপদ্রব বেড়ে গেছে। শহরবাসীর অনেকেই দিনের বেলায়ও মশারি টাঙিয়ে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন।শহরের নিশিন্দারার স্নিগ্ধা আবাসিক এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘মশার অত্যাচারে ঘরে-বাইরে কোথাও টেকা যাচ্ছে না। দিনের বেলায়ও মশারি টাঙিয়ে ঘুমাতে হয়। রাতে তো বসে বা দাঁড়িয়ে থাকা আরও কঠিন। ছোট ছেলেমেয়েদের কষ্ট আরও বেশি। আগে কখনো এত মশার অত্যাচার হয়নি। অতিষ্ঠ হলেও মশা নিধনে পৌরসভার কোনো তৎপরতা নেই।’পৌরসভা সূত্রে জানা গেছে, বগুড়া পৌরসভা ১৪ বর্গকিলোমিটার থেকে বৃদ্ধি পেয়ে এখন প্রায় ৭০ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। আগে ছিল ১২টি ওয়ার্ড আর এখন আছে ২১টি। ১২টি ওয়ার্ডের মশক নিধনের বছরে যে বরাদ্দ ছিল এখনো তা-ই রয়েছে। পৌরসভার মশা নিধন শাখায় মাত্র পাঁচটি ফগার যন্ত্র রয়েছে। পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী খান বলেন, মশা নিধনের জন্য চলতি অর্থবছরে পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই কার্যক্রমের জন্য এক লাখ ৫৫ হাজার টাকার ডিজেল, পেট্রল ও ওষুধ পৌর কাউন্সিলরদের দেওয়া হয়েছে। পাঁচটি যন্ত্র দিয়ে মশা নিধনের কাজ চলছে।সরেজমিন পৌরসভার বাদুরতলা, চেলোপাড়ান, চকসূত্রাপুর, মালতিনগর, নিশিন্দারা, আটাপাড়া, ফুলতলা, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, নর্দমাগুলো ময়লা-আবর্জনায় ভরা। নর্দমার পানির ওপর মশা ভনভন করছে। এ ছাড়া বেশ কিছু ডোবাও ময়লা-আবর্জনায় ভরা। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ফরিদ বলেন, ‘মশা নিধনের জন্য কয়েক দিন আগে আমাকে ৮০ লিটার ডিজেল, ১০ লিটার পেট্রল এবং কিছু ওষুধ দেওয়া হয়েছে। এই দিয়ে মাত্র দুটি এলাকায় ওষুধ ছিটানো যাবে।’ ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাইনর রহমান জানান, তাঁকে মাত্র ৬০ লিটার ডিজেল দেওয়া হয়েছে। এত অল্প পরিমাণ ওষুধ দেওয়ার কারণে ভয়ে তিনি তা ছিটানোর কাজ শুরু করেননি। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম বলেন, ‘আমাকে মাত্র ৩৫ লিটার ডিজেল দেওয়া হয়েছে, যা এখনো ছিটানো হয়নি।’ বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, ‘এ বছর একবার ওষুধ ছিটানোর জন্য পৌর কমিশনারদের বরাদ্দ দেওয়া হয়েছে। শহরে মশার উৎপাত বাড়লে লেখালেখি হলে মশার ওষুধ ছিটানো হয়। বাজেট যা থাকে, তার মধ্যেই কাজ করতে হয়। আমরা বরাদ্দ বাড়াতে চেষ্টা করছি।’