বগুড়ায় মহাসড়কে সরু কালভার্ট, ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে ঢাকা-বগুড়া মহাসড়কে চারটি সরু কালভার্ট দীর্ঘদিনেও প্রশস্ত করা হয়নি। এতে সেখানে ঘটছে নানা দুর্ঘটনা। যানবাহনের ধাক্কায় ভেঙে পড়ছে কালভার্টগুলোর রেলিং। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কালভার্টের ওপর দিয়ে পথচারীদের চলাচল।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানায়, সীমাবাড়ী এলাকায় মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের কমপক্ষে প্রায় ২২ হাজার যানবাহন চলাচল করে। যানবাহনগুলোকে সীমাবাড়ী বাসস্ট্যান্ড বাজারসংলগ্ন বেতগাড়ী এলাকায় হাইওয়ে হোটেল পেন্টাগন, ররোয়া ও ধনকুণ্ডি মসজিদের পাশে চারটি কালভার্ট অতিক্রম করতে হয়। চারটি কালভার্ট ১৯৮০-৮৫ সালের দিকে নির্মিত হয়েছিল।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, প্রতিটি কালভার্ট পাকা সড়কের চেয়ে সরু। কালভার্টের ওপর দিয়ে পথচারীদের হাঁটার পৃথক কোনো পথ নেই।
ধনকুণ্ডি এলাকার কৃষক সোলায়মান আলী বলেন, কালভার্টের ওপর দিয়ে হেঁটে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের মসজিদে নামাজ পড়তে যেতে হয়। একই কথা বলেন বেতগাড়ী এলাকার মোসলেম উদ্দিন।
শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান বলেন, ‘সড়কে যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় সরু কালভার্ট দ্রুত প্রশস্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে একাধিকবার বগুড়ার সওজকে জানিয়েছি। কোনো কাজ হয়নি। সরু কালভার্টের কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে।’
স্থানীয় লোকজনের ভাষ্যমতে, প্রায় এক বছর আগে যানবাহনের ধাক্কায় বেতগাড়ী ও ধনকুণ্ডি এলাকায় কালভার্টের রেলিং ভেঙে পড়ে। সর্বশেষ গত বুধবার দিবাগত রাত একটায় সীমাবাড়ী বাসস্ট্যান্ডসংলগ্ন কালভার্ট অতিক্রম করার সময় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় মইনুল হোসেন (২৮) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত ও জামাল উদ্দিন (৩৫) নামের একজন আহত হন।
সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাব উদ্দিন তালুকদার বলেন, প্রায় এক বছর আগে দুর্ঘটনায় এক পথচারীর নিহতের ঘটনায় সীমাবাড়ী বাসস্ট্যান্ডসংলগ্ন কালভার্টের স্থানে একটি গতিরোধক নির্মাণ করে সওজ। তারা ভেঙে পড়া রেলিংগুলো বিভিন্ন সময় মেরামত করলেও কোনো কাজে আসেনি। মেরামতের কিছুদিনের মধ্যেই আবার যানবাহনের ধাক্কায় ভেঙে পড়ছে। এতে শুধু সরকারি অর্থই অপচয় হচ্ছে। পাশাপাশি যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের সংখ্যা প্রতিদিন বাড়ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, ওই সব কালভার্টে গত এক বছরে অর্ধশতাধিক ছোট-বড় দূরপাল্লাগামী যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। বগুড়ার সওজের উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান বলেন, ভেঙে পড়া কালভার্টের রেলিং মেরামতসহ সরু কালভার্টগুলো প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।