বগুড়ায় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার
বগুড়া শহরের সূত্রাপুর ঈদগাহ লেন এলাকায় গতকাল মঙ্গলবার নির্মাণাধীন একটি ভবনের ভিত খোঁড়ার সময় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। এগুলোর মধ্যে রয়েছে চারটি হ্যান্ড গ্রেনেড, একটি বোমা, একটি মর্টার শেল, থ্রি নট থ্রি রাইফেলের ২৪৫টি গুলি, ২৬২টি রাইফেলের গুলি ও ১৭৫টি নাইন এমএম পিস্তলের গুলি। মাটির হাঁড়ি ও স্টিলের একটি বাক্সে এই গোলাবারুদ রাখা ছিল।পুলিশ জানায়, শ্রমিকেরা দুই ফুট গর্ত খোঁড়ার পর এসব অস্ত্রের সন্ধান পান। প্রথমে পলিথিনে মোড়ানো চারটি গ্রেনেড বের হয়ে আসে। এতে শ্রমিকেরা ভয় পেয়ে পুলিশে খবর দিলে বাকি গোলাবারুদ উদ্ধার করা হয়।শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, ‘মাটি খোঁড়ার পর পলিথিন মোড়ানো একটি মাটির পাতিল দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর যখন গ্রেনেড বের হয়ে আসে, তখন আরও ভয় লাগে। মাটির পাতিল ও স্টিলের বাক্সের মধ্য থেকে গোলাবারুদ বের হয়।’গোলাবারুদ উদ্ধারের কথা নিশ্চিত করে বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আরিফুর রহমান মণ্ডল জানান, উদ্ধার করা গুলি অকেজো হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্রেনেডগুলো সর্তকতার সঙ্গে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এসব গোলাবারুদ মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করানো হবে।