বগুড়ায় মাদকসহ যুবলীগের নেতা গ্রেপ্তার
বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বগুড়া শহর যুবলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিনকে (৪০) আটক করেছে র্যাব।র্যাবের ভাষ্যমতে, গতকাল শুক্রবার ভোরে শহরের চকসূত্রাপুর চামড়াপট্টিতে মতিনের আস্তানা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ১৫ বোতল ফেনসিডিল, তিন ক্যান বিয়ার, ১০ গ্রাম হেরোইন, পাঁচ হাজার ভারতীয় রুপি, ৫০ মার্কিন ডলার, এক রিয়াল (সৌদি), একটি বিদেশি চাকু, ১১ প্যাকেট তাস ও ১০ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।র্যাব বগুড়া ক্যাম্পের অধিনায়ক সুমিত চৌধুরী দাবি করেন, মতিন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের গডফাদার। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। একটি অস্ত্র মামলায় তাঁর ২৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।মতিনের স্ত্রী মেরিনা বেগম দাবি করেন, তাঁর স্বামীকে গত বৃহস্পতিবার মধ্যরাতে তাঁদের চকসুত্রাপুরের বাড়ি থেকে তুলে নিয়ে যায় র্যাব। তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় সাজা হলেও উচ্চ আদালত থেকে তিনি জামিনে আছেন। অথচ র্যাব মিথ্যা অভিযোগে আটক করে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে।সুমিত চৌধুরী দাবি করেন, মতিন শহরের চোরাচালান ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। তাঁর ওপর কোনো নির্যাতন চালানো হয়নি। আটকের পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তিনি লুকানো অস্ত্র বের করে দেওয়ার আশ্বাস দিয়ে উল্টো নিজের গলায় হাঁসুয়া দিয়ে কোপ মেরে র্যাবকে ফাঁসানোর চেষ্টা করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম গতকাল বিকেলে জানান, র্যাব মতিনকে তাঁদের কাছে সোপর্দ করেছে। তাঁকে র্যাবের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।