বগুড়ায় মানহানি মামলায় জয়নাল আবদিনের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় জামিন পেয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবদিন ফারুক। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তিনি বগুড়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে জামিন আবেদন করলে বিচারক ৫০ হাজার টাকার মুচলেকা ও স্থানীয় দুজনের জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমানসহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন।আদালত থেকে জামিন পেয়ে দলীয় নেতা-কর্মীরা মিছিল করে জয়নাল আবদিনকে জেলা বিএনপির কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জয়নাল আবদিন বলেন, দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার বিএনপির নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে সরকারবিরোধী আন্দোলন প্রতিহত করতে চায়।