বগুড়ায় মার্কেটে অগ্নিকাণ্ড, ২০ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর ধরে প্রিয়জনকে ছেড়ে সৌদি আরবে কষ্টের প্রবাসজীবন কাটান ফারুক হোসেন (৪৮)। প্রবাসের তিল তিল করে জমানো সব সঞ্চয় নিয়ে দেশে ফিরে তিনি বিনিয়োগ করেছিলেন মসলার ব্যবসায়। বগুড়া শহরের রাজাবাজার করোতোয়া মার্কেটে খুলে বসেছিলেন মসলার পাইকারি দোকান। কিন্ত গত সোমবার রাতের অগ্নিকাণ্ডে ফারুক হোসেনের সবই শেষ।
আগুনের ভয়াবহতায় দোকান থেকে এক টাকার মসলাও বের করতে পারেননি তিনি। আগুনে দোকানের সব মালামাল পুড়ে ভসঞ্চীভূত হওয়ায় পথে বসার জোগাড় ফারুক হোসেনের। আগুনের লেলিহান শিখা সর্বস্ব কেড়ে নেওয়ার সেই ধাক্কা সহজে সামলাতে পারেননি তিনি। রাতে দোকানে এসে চোখের সামনে সারা জীবনের জমানো সব সঞ্চয়ে গড়ে তোলা দোকানটি দাউ দাউ করে পুড়ে যাওয়ার দৃশ্য সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। আগুন শুধু ফারুকেরই নয়, সর্বস্বান্ত করেছে আরও ২৫ দোকানের মালিককে। ওই অগ্নিকাণ্ডে ২৬টি দোকানের প্রায় ২০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। দমকল বাহিনীর তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দেওয়ান সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, সোমবার বগুড়ায় হরতাল থাকায় মসলার পাইকারি মার্কেটের প্রায় সব দোকানই বন্ধ ছিল। দুই-একটি দোকান সন্ধ্যায় খুললেও রাত নয়টার মধ্য বন্ধ হয়ে যায়। নৈশপ্রহরী কোরবান আলী জানান, রাত সাড়ে নয়টার দিকে মার্কেটের জননী স্টোর নামের একটি জর্দার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিষয়টি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদককে মুঠোফোনে জানানো হয়। দোকান মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান জানান, প্রত্যেকটি দোকানে বিপুল পরিমাণ মসলা মজুদ ছিল। তা ছাড়া টিনশেড ও কাঠের তৈরি দোকান হওয়ায় আগুন মুহূর্তের মধ্যে এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে। ফলে কেউ মালামাল সরানোর সুযোগ পাননি। তা ছাড়া টানা হরতাল-অবরোধের কারণে বেশ কিছু দোকানের ক্যাশবাক্সে নগদ টাকা ছিল। আগুনে ২৬টি দোকানে সব মিলিয়ে অন্তত ২০ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। এ ছাড়া দেনা-পাওনার খাতা, হিসাবের খাতাসহ সবই পুড়ে গেছে।