বগুড়ায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে গতকাল রোববার বগুড়ার শাজাহানপুরে মুক্তিযোদ্ধা, গণজাগরণ মঞ্চের সংগঠক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট কর্মকর্তা হযরত আলীর (৫৫) ওপর হামলা চালিয়েছে একদল মুখোশধারী সন্ত্রাসী।

আহত হযরত আলীকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াত-শিবির এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। এ ছাড়া হরতালে বগুড়ার দ্বিতীয় বাইপাসে তিনটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাজাহানপুরে গতকাল বেলা ১১টায় হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের একটি মিছিল বের হয়ে মাঝিড়া বন্দরে মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস মোড়ে সমাবেশ করে। বেলা সাড়ে ১১টার দিকে হযরত আলী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে মাঝিড়া বন্দরের ৪০০ গজ পশ্চিমে ডোমন পুকুর-নতুনপাড়া পুকুরপাড় সড়কে মুখোশধারী ৮-১০ জন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হযরত আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে।

হযরত আলীর ছেলে জুয়েল মিয়া জানান, তাঁর বাবা শাজাহানপুর উপজেলা গণজাগরণ মঞ্চের সংগঠক। ঘটনার সময় শিবিরের অজ্ঞাত কর্মীরা তাঁর বাবাকে কুপিয়ে জখম করেছেন। শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, হামলাকারী কারা, তা জানা যায়নি।