বগুড়ায় মুক্তিযোদ্ধার খামার দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলার বারপুর গ্রামে এক মুক্তিযোদ্ধার মুরগি এবং গরুর খামার লুটপাট ও দখল করেছে একদল সন্ত্রাসী। ক্ষমতাসীন দলের পরিচয়ে কিছু সন্ত্রাসী এসব কাজ করছে বলে অভিযোগ উঠেছে। পুলিশকে জানানোর পরও সহযোগিতা না পেয়ে মুক্তিযোদ্ধা আব্বাস আলী আকন্দ গত সোমবার সংবাদ সন্মেলন করে এসব অভিযোগ করেন।সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা আব্বাস আলী আকন্দ বলেন, বগুড়া সদর উপজেলার বারপুরে তাঁর একটি মুরগি ও গরুর খামার রয়েছে। কিছুদিন ধরে সরকারি দলের নাম ভাঙিয়ে কয়েকজন সন্ত্রাসী তাঁর খামারের ব্যবস্থাপকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা ৫ জানুয়ারি তাঁর খামারে হামলা চালায়। তারা খামার ব্যবস্থাপক শাজাহান আলীকে মারপিট করে বেঁধে রেখে দুটি গরু, দুটি পানির পাম্প, মোটরসহ আসবাবপত্র লুট করে নেয়। বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ নীরব থাকে। থানায় মামলা করতে গেলে দুই দিন ঘোরানোর পর মামলা নেওয়া হয়। মামলা দায়েরের পর আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে গালি-গালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা খামারের দখল নিয়ে সেখানে ‘এগ্রো লিংক’ নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, মামলা নেওয়া হয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।