বগুড়ায় মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ ভাগ কোটা পূরণের দাবি
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতির হাতে নাজেহাল হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে চাকরিতে সন্তানদের ৩০ ভাগ কোটা পূরণের দাবিতে আগামী সোমবার সকালে শহরের সাতমাথায় মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন তাঁরা। গতকাল শনিবার শহরের সাতমাথায় মুক্তিযোদ্ধা সংসদ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের নেতারা ওই কর্মসূচি ঘোষণা করেন। দাবি আদায়ে মুক্তিযোদ্ধারা রমজান মাসে বগুড়ার সুধীমহল, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ছাত্রসংগঠনের সঙ্গে মতবিনিময় এবং ঈদের পরে বৃহত্তর কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহ্বায়ক আমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকার মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির কোটা ৩০ ভাগ করেছে। কিন্তু একটি মহল বা কখনো ব্যক্তিবিশেষ নগ্ন হস্তক্ষেপ করে মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি থেকে বঞ্চিত করছে। বগুড়ায় স্বাস্থ্য বিভাগেও মুক্তিযোদ্ধা কোটা কেনাবেচা হয়েছে। সম্প্রতি বগুড়া জেলা প্রশাসনে তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদে নিয়োগেও মুক্তিযোদ্ধার কোটায় কালো থাবা পড়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরির জন্য আবেদন করেন। এসব আবেদন মুক্তিযোদ্ধা সংসদ থেকে যাচাই-বাছাই করে জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়। কিন্তু কাউকে চাকরি দেওয়া হয়নি। এ বিষয়ে গত ২৪ জুলাই বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রতিকার চাইতে গেলে সেখানে উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন তাঁদের চরমভাবে নাজেহাল ও লাঞ্ছিত করেন। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা জানান।