বগুড়ায় মুরগি ও ডিমের দাম কম দিশেহারা পোলট্রি খামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে সব ধরনের মুরগির মাংস ও ডিমের দাম অস্বাভাবিক হারে কমেছে। ধস নেমেছে মুরগির বাচ্চার দামেও। মাংস, ডিম ও বাচ্চার দাম পড়ে গেলেও হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে সব কোম্পানির পোলট্রি খাদ্যের দাম। এতে দিশেহারা হয়ে পড়েছেন জেলার প্রায় ছয় হাজার পোলট্রি খামারি।
খামারিদের দেওয়া তথ্যমতে, দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে সোনালি (পাকিস্তানি) ও ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি গড়ে ৪৫ থেকে ৫০ টাকা কমেছে। প্রতি ১০০ ডিমে দাম কমেছে ১৮০ টাকা। দুই সপ্তাহ আগে প্রতিটি এক দিনের সোনালি মুরগির বাচ্চার দাম ছিল ১৭ থেকে ১৮ টাকা। ব্রয়লার বাচ্চার দাম ছিল প্রতিটি ৬১ টাকা। এখন দাম কমে সোনালি মুরগির বাচ্চা ১২ আর ব্রয়লার বাচ্চা ৪৪ টাকায় নেমেছে। এতে বিপাকে পড়েছেন হ্যাচারি মালিকেরাও।
কয়েকজন খামারি বলছেন, খামারে হঠাৎ করে ‘লিভার সিরোসিস’ রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় মুরগি মারা যাচ্ছে। ঝুঁকি এড়াতে খামারিরা মুরগি বিক্রি করছেন। একসঙ্গে মুরগি বিক্রি করায় আমদানি বেড়ে যাওয়ায় দামে ধস নেমেছে।
তবে বগুড়া জেলা পোলট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নূরুল আমিন বলেন, হাওরে অসময়ে বন্যার কারণে সেখানকার পোলট্রি খামারের মুরগি ও ডিম রাজধানীর পাইকারি আড়তে এসেছে। এতে পাইকারি আড়তে মুরগি ও ডিমের চাহিদা কমেছে। সরবরাহ বেড়ে যাওয়ায় দামেও ধস নেমেছে। দুই সপ্তাহ আগে বগুড়া থেকে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ হাজার মুরগির সরবরাহ হতো রাজধানীতে। এখন প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার মুরগি যাচ্ছে। পাইকারি মোকামে মুরগির চাহিদা কমে যাওয়ার পাশাপাশি লিভার সিরোসিস রোগের কারণে মুরগির সরবরাহ বেড়েছে। এতে মুরগির মাংসের দামে ধস নেমেছে। প্রভাব পড়েছে ডিম ও বাচ্চার দামেও।
পোলট্রি খামারি মালিকদের এই নেতার দাবি, লোকসানের মুখে পুঁজি হারিয়ে খামারিরা এখন দিশেহারা। অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে।
জেলা পোলট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, বগুড়ায় প্রায় ৬ হাজার সোনালি জাতের লেয়ার, ব্রয়লার ও হাইব্রিড লেয়ার মুরগির খামার রয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ সোনালি মুরগির এবং ১৫ শতাংশ ব্রয়লার ও হাইব্রিড লেয়ার মুরগির খামার। জেলায় পোলট্রি হ্যাচারি রয়েছে ৮৩টি।
শাজাহানপুরের খরনা বাজারের মিঠু পোলট্রি ফার্মের খামারি জাহিদুল ইসলাম বলেন, খামারে আড়াই হাজার ব্রয়লার ও প্রায় ৯ হাজার সোনালি জাতের মুরগি ছিল। এক মাস আগে প্রতিটি ব্রয়লার বাচ্চা কিনতে হয়েছে ৬৫ টাকায়। ফিড, ভ্যাকসিন, বিদ্যুৎ খরচসহ সব মিলিয়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ পড়েছে গড়ে ১৩০ টাকা। অথচ বাজার ধসে ১০৫ টাকা কেজি দরে বিক্রি করতে হয়েছে। শুধু ব্রয়লার শেডে অর্ধ লাখ টাকার লোকসান হয়েছে।
শাজাহানপুরের সাজাপুর গ্রামের খামারি আনোয়ার হোসেন বলেন, সোনালি মুরগির প্রতি কেজি মাংস উৎপাদনে গড়ে ১৮০ ও প্রতিটি ডিম উৎপাদনে খরচ পড়েছে ৫ টাকা ৫০ পয়সা। এখন সেই মুরগি ১৪০ টাকা কেজি দরে ও ডিম প্রতিটি ৪ টাকা ২০ পয়সা দরে বিক্রি করতে হচ্ছে।
বগুড়া জেলা পোলট্রি হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘জেলার ৮৩টি হ্যাচারিতে প্রতি মাসে গড়ে ১৬ থেকে ২০ লাখ সোনালি জাতের এক দিনের বাচ্চা উৎপাদন হয়। প্রতিটি বাচ্চা উৎপাদনে খরচ পড়ে গড়ে ১৭ থেকে ১৮ টাকা। দুই সপ্তাহ আগেও প্রতিটি এক দিনের বাচ্চা বিক্রি হয়েছে ১৮ থেকে ১৯ টাকায়। বাজার মন্দার কারণে বর্তমানে তা ১২ টাকায় নেমেছে।’