বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। ১৯তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের নাম মধুসূদন চক্রবর্তী। সহপাঠীরা তাঁর মৃত্যুর জন্য কয়েকজন শিক্ষককে দায়ী করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।শিক্ষার্থীরা জানিয়েছেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেবপুর গ্রামের শংকর চক্রবর্তীর ছেলে মধুসূদন চক্রবর্তী মেডিকেল কলেজের ছাত্রাবাসে থাকতেন। গত রোববার দিনের বেলা তিনি শহরের একটি আবাসিক হোটেলের ৫ নম্বর কক্ষে ওঠেন। পরে সন্ধ্যায় সেখানে তিনি বিষ পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি নিজেই হোটেলের ব্যবস্থাপককে কলিংবেল টিপে ডাকেন। ব্যবস্থাপক তাঁকে দ্রুত একটি ক্লিনিকে ভর্তি করেন। পরবর্তী সময়ে সেখান থেকে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত আটটা নাগাদ তিনি মারা যান।পুলিশ বলেছে, মধুসূদনের জামার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল ‘বাবু, (বাবা) আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি। কিন্তু অনেক দুঃখ নিয়ে আমি চলে যাচ্ছি। ...আজ স্যার আমাকে যে অপমান করেছেন, তা আমি কোনো দিন ভুলব না। বিদায় এ পৃথিবী। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ এদিকে মধুসূদনের মৃত্যুর খবরে সহপাঠীরা রোববার রাতেই তাঁর আত্মহননের জন্য কয়েকজন শিক্ষককে দায়ী করেন এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মিছিল করেন।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেছেন, চিরকুট পড়ে মনে হয়েছে, শিক্ষকদের সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন। তবে ওই চিরকুটে তিনি কাউকে দায়ী করে যাননি। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।