বগুড়ায় মোটরশ্রমিক নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
লাখ টাকা চাঁদার দাবিতে একটি বাস আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের স্বঘোষিত সভাপতি আবদুল লতিফ মণ্ডলসহ তিনজনের বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। শহরের শিববাটি এলাকার খন্দকার আখতার হোসেন মামলা করেন। বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলা আরজিতে উল্লেখকরা হয়েছে, বাদী বগুড়া শহরের বাসিন্দা হলেও তাঁর কর্মস্থল পাবনার ঈশ্বরদীর পাকশীতে। তিনি পাকশী পেপার মিলস উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তিনি বগুড়ায় না থাকার কারণে তাঁর একটি বাস (ঢাকা-চ-২১৬৭) তাঁর ছোট ভাই আনছার আলীর পরিচালনায় চলাচল করছে। কিন্তু গত এক মাস আগ থেকে তাঁদের বাসটি আসামিরা ভাড়া নেবে বলে ফোনে তাঁর ভাইকে জানান এবং দেখা করতে বলেন। একপর্যায়ে ১৭ ফেব্রুয়ারি বাসের চালক ও সুপারভাইজার তাঁদের কাছে বাসটি নিয়ে গেলে তাঁরা তা আটক করেন। মামলার সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, বাদীর ভাই আনছার আলীর কাছে কতিপয় ব্যক্তি অন্য ব্যবসার কারণে কিছু টাকা পান। এসব টাকা আদায়ের দায়িত্ব নিয়েছেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তাঁর লোকজন। সেই ঘটনাকে কেন্দ্র করে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। সাবেক এক শ্রমিকনেতা বলেন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নে যা হচ্ছে, তা দেখার কেউ নেই। তাদের কথায় এখন প্রশাসন চলে। এ কারণে কেউ কথা বলে না। নির্বাচন ছাড়াই তাঁরা নেতা বনে গেছেন। মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল বলেন, এসব অভিযোগ পুরো মিথ্যা। বাদীর ভাইয়ের কাছে অনেকে টাকা পাবেন।